
‘সবার আগে বাংলাদেশ’—নির্বাচনি ইশতেহারের এই মূল দর্শনকে সামনে রেখে স্বচ্ছতা, জবাবদিহি, ইনসাফ ও জনকল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দেশে সুশাসন সুদৃঢ় করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বচ্ছ ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি দমন ও প্রতিরোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ইতোমধ্যে ৫০৪টি দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, দুর্নীতি সংঘটিত হওয়ার আগেই তথ্য সংগ্রহ, যাচাই ও বিশ্লেষণের মাধ্যমে কাজ করছে দুদকের ইন্টেলিজেন্স ইউনিট। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনার জন্য এনফোর্সমেন্ট ইউনিটও কার্যকর রয়েছে।
সাধারণ মানুষের অভিযোগ জানানোর সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, দুদকের ১০৬ হটলাইনের পাশাপাশি জাতীয় হটলাইন ৯৯৯ ও ৩৩৩-ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
দুর্নীতি, অনিয়ম, সরকারি সম্পদের অপচয়, দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহার ঠেকাতে নিয়মিত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম বা অসদাচরণের তথ্য পাওয়া গেলে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী তদন্তের পর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
এ ছাড়া কোনো ঘটনায় আইনগত ব্যবস্থা প্রয়োজন হলে দুর্নীতি দমন আইন, দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সংশ্লিষ্ট আইনি পদক্ষেপও চলমান রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।