
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী নির্ধারণ এবং নির্বাচিত করার দায়িত্ব সংসদ সদস্যের-এমন মন্তব্য করেছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
তিনি বলেছেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার ও চেয়ারম্যান প্রার্থী দেবেন, নলা (পায়ের নালা) নিয়ে বাড়িতে যাইতে পারবেন না।’ তাঁর এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
শনিবার দুপুরে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোবাশ্বের আলম ভূঁইয়া।
ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার ও চেয়ারম্যান প্রার্থী দেবেন, নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না। মেম্বার, চেয়ারম্যান নির্বাচিত করবে এমপি, এটা এমপির দায়িত্ব। মনোনয়ন দেবেন এমপি, তবে মনোনয়ন এমপি এককভাবে দেবেন না। স্ব স্ব ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে বসে আলাপ-আলোচনার মাধ্যমে কানা-আন্ধা যারে দেবো, সেই যোগ্য। কোনো আওয়াজ করা যাবে না, ভাই হেতে অযোগ্য, হেতেরে এমপি সিদ্ধান্ত দিছেন তোমাদেরকে নিয়ে, এটাই তার যোগ্যতা।’
বক্তব্যে তিনি আরও বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না। দলের শৃঙ্খলা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
সমাবেশে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমদ সালেহ, যুবদল নেতা নাসির উদ্দিন, জেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি হামিদুল হক ভূঁইয়া, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উল্লাহ।
এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, দলের শৃঙ্খলা নষ্ট করে বিদ্রোহী প্রার্থী দেওয়ার বিষয়ে নেতাকর্মীদের উসকানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি ওই কথা বলেছেন।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থনের বাইরে কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল-সমর্থিত প্রার্থীর বিজয় কঠিন হয়ে পড়ে। এ কারণে নির্বাচনি এলাকার দুই উপজেলার প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে দল-সমর্থিত প্রার্থী নির্ধারণ করা হবে। এককভাবে কাউকে মনোনয়ন দেওয়ার কথা তিনি বলেননি।