
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সরাইকেলা-খরসোয়া জেলায় থানায় অভিযোগ জানাতে যাওয়া এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) পুলিশ এই তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ২৯ অক্টোবর রাতে ঘটা এই ঘটনার পর কর্তব্যে অবহেলার অভিযোগে গামারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ভুক্তভোগী নারী তার অভিযোগে পুলিশকে জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়। মারধরের ভয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়ে মোবাইল ফোনের মাধ্যমে পুলিশকে বিষয়টি জানান। পুলিশ জানিয়েছে, এরপর একটি পিসিআর ভ্যান ওই বাড়িতে পৌঁছে তাঁকে রাতে থানায় নিয়ে আসে।
কর্তব্যরত কর্মকর্তারা তাকে থানায় বিশ্রামের জন্য একটি কক্ষ দেন। তিনি সেই কক্ষে থাকা অবস্থায় থানার এক ওয়্যারলেস অপারেটর তাকে ধর্ষণ করেন বলে পুলিশের বিবৃতিতে জানানো হয়।
পুলিশ সুপার মনোজ স্বর্গিয়ারি মহকুমা পুলিশ কর্মকর্তা (সরাইকেলা) অনুভব ভরদ্বাজকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। এসডিপিওর রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তাকে জুডিসিয়াল কাস্টডিতে পাঠানোর নির্দেশ দেয়।
কর্তব্যে অবহেলা, দায়িত্বজ্ঞানহীন আচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গামারিয়া থানার ওসিসহ অন্য চার কর্মীকেও সাময়িক বরখাস্ত করেছেন পুলিশ সুপার। ওই পাঁচ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
ঘটনার সময় অভিযুক্তের পরিহিত পোশাকটি পুলিশ জব্দ করেছে। পরীক্ষার জন্য সেটি রাঁচির ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানোর প্রক্রিয়া চলছে।