
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধের প্রভাব পড়েছে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগে। এর ফলে দুই দেশের মধ্যে চলাচলকারী ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে।
শুক্রবার (৩০ অক্টোবর) পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১৫৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের ২২ হাজার ৭২১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগের এএসএম স্কোয়াড্রন লিডার সাকিবের দেওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৮২টি ছিল সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট।
সরাসরি চলাচলকারী ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারলাইনসের ১৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাইদুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার আটটি ফ্লাইট বাতিল হয়েছে।