
জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারিতে থাকা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী চন্দন সূত্রধর আর নেই। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়েছে।
চন্দনের বড় ভাই আনন্দ সূত্রধর তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
চন্দন বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে অংশ নিয়েছিলেন তিনি। তাঁর মাথায় এখনো বুলেট রয়েছে বলে জানিয়েছেন সহপাঠী ও শিক্ষকরা।
চন্দনের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলায়। তাঁর বাবার নাম অনীল সূত্রধর এবং মায়ের নাম সন্ধ্যা সূত্রধর।
বন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ করে সহপাঠী আজিজুর রহমান বলেন, ‘ডেঙ্গুতে আমার বন্ধুকে হারাতে হবে, এটা কখনো কল্পনাও করিনি। একজন প্রাণবন্ত মানুষ এভাবে অকালে চলে যাবে, বিষয়টি মেনে নেওয়া খুবই কঠিন। তার চলে যাওয়ায় আমরা একজন বন্ধুকে হারিয়েছি, যা কখনও পূরণ হওয়ার নয়। ডেঙ্গু এখন আর সাধারণ কোনো বিষয় নয়, এটি ভয়াবহ প্রাণঘাতী হয়ে উঠেছে। তাই ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। আর কোনো পরিবার যেন এভাবে প্রিয়জনকে না হারায়।’
বিভাগটির শিক্ষক সহকারী অধ্যাপক ত্বহা হুসাইনও চন্দনের মৃত্যুতে শোক জানিয়েছেন। তিনি বলেন, ‘খবরটি শুনে আমি মর্মাহত। হঠাৎ করে তার চলে যাওয়া যেন বিশ্বাস করতে পারছি না। ছেলেটি খুবই ভালো ছিল। সে একজন জুলাই যোদ্ধাও ছিল। মাঝে মাঝেই তার সাথে কথা হতো।’