
পরিবহন খাতে চাঁদাবাজি ও দুর্নীতি বর্তমান সরকারের আমলেও কমেনি, বরং আরও বেড়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, সরকারি দলের লোকজনই পরিবহন শ্রমিকদের হয়রানি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত।
শুক্রবার (৩১ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, যারা নিজেদের গণতন্ত্রে বিশ্বাসী বলে দাবি করেন, তাদের জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় নিশ্চিত করতে হবে।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকারের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনা থাকলে এসব অনিয়ম কেন বন্ধ হচ্ছে না। জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছেন শ্রমিকরা, এরপর ছাত্র জনতা, তাই তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন রাষ্ট্র পরিচালনায় থাকতে হবে।’
একই অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, ‘চাঁদাবাজিমুক্ত সরকার প্রতিষ্ঠা ছাড়া পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই।