
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে। সর্বশেষ তথ্য প্রকাশ করে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে আরও অন্তত ছয়জনের অবস্থা গুরুতর।
শুক্রবার কুমামোতো প্রিফেকচার (প্রশাসনিক অঞ্চল) সরকার জানায়, উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও হতাহতের সংখ্যা বেড়েছে। একই সঙ্গে গুরুতর আহত ছয়জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) জাপানের কিউশু দ্বীপের উকী শহরের কাছে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ফলে প্রায় ৪০ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়, রেল যোগাযোগ ব্যাহত হয় এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মোট নিহতদের প্রায় অর্ধেকই প্রাণ হারিয়েছেন দুটি বড় দুর্ঘটনায়। এর একটি ঘটেছে নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের একটি কাগজ কারখানায় কাঠামোগত ক্ষতির কারণে এবং অন্যটি একটি এইওন স্টোরে সম্ভাব্য গ্যাস বিস্ফোরণের ঘটনায়।
পরিস্থিতি বিবেচনায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাসিন্দাদের সম্ভাব্য আরও শক্তিশালী পরাঘাত (আফটারশক) সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, তীব্র গরমের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পানির সংকট দেখা দেওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
উল্লেখ্য, জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এর আগে প্রায় এক দশক আগে কুমামোতো অঞ্চলে সংঘটিত বড় ধরনের ভূমিকম্পে ২৭৫ জনের মৃত্যু হয়েছিল।