
হবিগঞ্জের উত্তপ্ত পরিস্থিতির জের কাটতে না কাটতেই এবার সিলেটে দুই দফায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রথমে সিলেটের গোলাপগঞ্জ এবং পরবর্তীতে পাঁচ মাইল বাজার এলাকায় এনসিপির নেতাকর্মীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। অনাকাঙ্ক্ষিত এই হামলার পর সিলেট জেলা সার্কিট হাউসে এক জরুরি সংবাদ সম্মেলনে নিজেদের ক্ষোভ ও কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এনসিপির শীর্ষ নেতৃত্ব।
সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করে বলেন, ‘ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়েছে। জিয়ার সৈনিক এক হও, এ স্লোগান দিয়ে তারা আমাদের গাড়িতে ইট-পাথর-রড ছুড়ে মারে।
সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট টেনে তিনি আরও বলেন, ‘এই জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি। আজকে সব সৈনিক একেবারে খাঁড়া হয়ে গেছে। তারেক রহমান কী চাচ্ছেন?’
একই ব্রিফিংয়ে দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বর্তমান সরকার দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে নিয়ে যাচ্ছে। সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মুক্ত হচ্ছে। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, আমরা জনগণকে নিয়ে প্রতিরোধের পথে হাঁটবো।’ সরকারের প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘আমরা সেখানে গিয়ে দাঁড়াবো, দেখি কত সন্ত্রাসী আছে, আমাদের প্রতিরোধ করতে।’ তিনি স্পষ্ট জানিয়ে দেন, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও অন্যায়ের বিচারের পক্ষে তাদের নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে এনসিপি নেতৃবৃন্দ সিলেট সার্কিট হাউজে পৌঁছান। সেখানে তাৎক্ষণিক সংক্ষিপ্ত ব্রিফিং শেষ করে তারা কানাইঘাট উপজেলার নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে আবার রওয়ানা হন।
এনসিপির পরবর্তী মাঠপর্যায়ের কর্মসূচির আপডেট জানিয়ে বিকেল সাড়ে ৫টায় দলীয় নেতা আব্দুল ওয়াদুদ শিপন নিশ্চিত করেন যে, কেন্দ্রীয় নেতারা কানাইঘাটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। সেখান থেকে সফর শেষ করে ফেরার পথে তারা হয়তো পুনারায় গোলাপগঞ্জে যেতে পারেন।
উল্লেখ্য, সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এনসিপির গাড়িবহরে পর পর দুই বার ইটপাটকেল ও বোতল নিক্ষেপের অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা কানাইঘাটের পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করে সরাসরি সিলেট সার্কিট হাউজে আশ্রয় নেন।
এদিকে সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার সম্রাট তালুকদার বিকেল ৫টায় জানান, এনসিপির শীর্ষ নেতৃত্ব কানাইঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সার্বিক সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে।