
ইরানের উপকূলীয় এলাকায় একটি পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা ইউকেএমটিও। ঘটনার পর জাহাজের সব নাবিক নিরাপদে আছেন বলে নিশ্চিত করা হয়েছে।
সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, বাল্ক ক্যারিয়ারটি উত্তর দিকে অগ্রসর হওয়ার সময় সিরিক শহর থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল পশ্চিমে পৌঁছালে কয়েকটি ছোট নৌযান থেকে সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
ইউকেএমটিও জানায়, ঘটনার পরপরই পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয় এবং নিশ্চিত হওয়া গেছে যে জাহাজে থাকা কোনো ক্রু সদস্য আহত হননি। সবাই নিরাপদে রয়েছেন।
এছাড়া সংস্থাটি আরও জানিয়েছে, এই ঘটনার ফলে সামুদ্রিক পরিবেশে কোনো ধরনের ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি। তবে হামলার প্রকৃতি ও এর পেছনে কারা জড়িত, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।