
অভিনয়ের পর এবার ডিজিটাল কনটেন্ট দুনিয়ায় সরাসরি ভক্তদের সঙ্গে যুক্ত হতে নিজের ইউটিউব চ্যানেল চালু করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নতুন এই উদ্যোগে তিনি তার কাজ, অভিজ্ঞতা ও ব্যক্তিগত কিছু মুহূর্ত দর্শকদের সামনে তুলে ধরবেন।
নিজের সৃজনশীল কাজের পেছনের গল্প আরও কাছ থেকে জানাতে এবং ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতেই এই প্ল্যাটফর্মে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
জয়া আহসান বলেন, পর্দায় দর্শক যে চরিত্রগুলো দেখেন, তার পেছনে থাকে দীর্ঘ প্রস্তুতি, বাস্তব অভিজ্ঞতা এবং অনেক অজানা মুহূর্ত। সেই বিষয়গুলোই এবার ভিডিও আকারে দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি।
নতুন ইউটিউব চ্যানেলে নিয়মিতভাবে তার অভিনয় জীবনের নেপথ্যের দৃশ্য, শুটিং সেটের অভিজ্ঞতা এবং কাজের বিভিন্ন ধাপের গল্প প্রকাশ করা হবে। পাশাপাশি ব্যক্তিগত জীবনের কিছু অংশও তুলে ধরা হবে, যা এতদিন ভক্তদের অজানা ছিল।
প্রকৃতিপ্রেমী এই অভিনেত্রী তার ভ্রমণ অভিজ্ঞতা, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং দৈনন্দিন জীবনের শান্ত মুহূর্তগুলোও ভিডিও আকারে তুলে ধরবেন বলে জানা গেছে।
তিনি আরও জানান, অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের মতো ইউটিউবেও দর্শকদের সক্রিয় অংশগ্রহণ তিনি চান। ভক্তদের প্রতিক্রিয়া, মতামত এবং গঠনমূলক মন্তব্যই তাকে নতুন কনটেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে বলে তার বিশ্বাস।
এদিকে অভিনয়ের পাশাপাশি তিনি ভিন্নধর্মী একটি ট্রাভেল ডকুমেন্টারি সিরিজেও উপস্থাপনা করছেন। সিরিজটিতে দেশের বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্য, পেশা ও জীবনধারার ভিন্নতা তুলে ধরা হচ্ছে।