
বগুড়ার ধুনট উপজেলায় ঘরে ঢুকে দশম শ্রেণির এক ছাত্রীকে নির্যাতনের পর সেই ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করার অভিযোগ উঠেছে এক কলেজছাত্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
মামলার অভিযোগে বলা হয়, ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রামের ১৭ বছর বয়সী ওই ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করে। প্রায় এক বছর আগে নোমান মণ্ডল (২১) নামের এক কলেজছাত্রের সঙ্গে তার পরিচয় থেকে সম্পর্ক গড়ে ওঠে।
নোমান মণ্ডল গোসাইবাড়ি ইউনিয়নের গোসাইবাড়ি আমতলা গ্রামের সাইফুল মণ্ডলের ছেলে এবং তিনি বগুড়া শহরের একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়েন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি দুপুরে ছাত্রীর মা পারিবারিক কাজে টাঙ্গাইলে যান। ওই সময় বাড়িতে একা ছিলেন ছাত্রী। অভিযোগ অনুযায়ী, রাত ১০টার দিকে নোমান মণ্ডল ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নির্যাতন করেন এবং ঘটনাটি কৌশলে মোবাইল ফোনে ধারণ করেন।
পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর ১২ মার্চ রাতে আবারও তাকে বাড়ি থেকে ডেকে পাশের বাগানে নিয়ে নির্যাতন করা হয় বলে দাবি করেছে পরিবার।
ঘটনার পর ছাত্রীর মা শনিবার রাতে ধুনট থানায় মামলা করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসা পরীক্ষা ও জবানবন্দির জন্য সংশ্লিষ্ট হাসপাতালে ও আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।