
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে লেবানন-এ ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এতে মোট মৃতের সংখ্যা ২ হাজার ৬০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
শনিবার (২ মে) স্থানীয় সময় ইসরাইল দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালায়। এতে নাবাতিয়েহ, সিডন ও টাইর অঞ্চলের শহর ও গ্রামগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, হামলাগুলোর লক্ষ্যবস্তু ছিল বসতবাড়ি ও চলন্ত যানবাহন। এতে নারী ও শিশুসহ বহু বেসামরিক হতাহতের অভিযোগ উঠেছে।
এদিকে, পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, তারা দক্ষিণাঞ্চলের বিভিন্ন ফ্রন্টলাইনে ইসরাইলি সেনা ও সামরিক যান লক্ষ্য করে আর্টিলারি ও ড্রোন হামলা চালিয়েছে। বিশেষ করে ফাইবার-অপটিক নিয়ন্ত্রিত ছোট ড্রোন ব্যবহার করে ট্যাংক ও সামরিক সরঞ্জামে হামলার নতুন কৌশল প্রয়োগ করা হচ্ছে।
চলমান এই সংঘাতের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়নি। মার্চের শুরু থেকে এখন পর্যন্ত ২ হাজার ৬০০-এর বেশি মানুষ নিহত এবং ৮ হাজারের বেশি আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।