
ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এক যাত্রীর আচরণ ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চলন্ত অবস্থায় বিমান থেকে জরুরি দরজা খুলে নিচে লাফ দেন ওই যাত্রী, তবে ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষতির ঘটনা ঘটেনি।
রোববার (৩ মে) সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা একটি ফ্লাইট চেন্নাই বিমানবন্দরে অবতরণের পর ট্যাক্সিওয়ের দিকে অগ্রসর হচ্ছিল। বিমানটি পুরোপুরি থামার আগেই হঠাৎ এক যাত্রী দরজা খুলে নিচে নেমে পড়েন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি মূল রানওয়েতে নয়, ট্যাক্সিওয়ের অংশে ঘটে এবং তখন বিমানটি খুব ধীরগতিতে চলছিল। এতে কোনো যাত্রী আহত হননি এবং বিমানেরও কোনো ক্ষতি হয়নি।
ঘটনার পরপরই অন্যান্য যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সংশ্লিষ্ট ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই যাত্রী ফ্লাইট চলাকালেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি বারবার বমিভাবের কথা জানান এবং যাত্রাপথে একাধিকবার অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি মানসিক ও শারীরিকভাবে অস্বস্তিতে ছিলেন।
ঘটনার পর পাইলট তাৎক্ষণিকভাবে গ্রাউন্ড নিরাপত্তা বাহিনীকে সতর্ক করেন। পরে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই যাত্রীকে হেফাজতে নেয় এবং পরবর্তী তদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করে।
এই ঘটনার কারণে কিছু সময়ের জন্য বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রধান রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং অন্যান্য ফ্লাইটগুলো বিকল্প পথে পরিচালিত হয়।
যাত্রীর পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, তিনি ভারতের তামিলনাড়ুর পুদুক্কোট্টাই জেলার বাসিন্দা হতে পারেন।