
অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম থেকে সাংবাদিক নূর ওদেহ জানিয়েছেন, আসন্ন নির্বাচনের আগে গাজা ইস্যুতে নতুন করে কঠোর অবস্থান নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
‘বোর্ড অব পিস’-এর প্রস্তাবিত ১৫ দফা শান্তি পরিকল্পনা ইসরায়েলের কট্টর ডানপন্থি সরকারের জন্য অত্যন্ত বিতর্কিত হয়ে ওঠায় মূলত অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতেই নেতানিয়াহু সরাসরি ইসরায়েলি জনগণের উদ্দেশে কথা বলছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ইসরায়েলি মন্ত্রিসভা বিস্তারিত তথ্য পুরোপুরি না জেনেই গাজায় কিছু আন্তর্জাতিক বাহিনীর প্রবেশের বিষয়ে অনুমোদন দিয়েছিল। তবে এবার নেতানিয়াহু স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইসরায়েল ১৫ দফার ওই নথি পুরোপুরি প্রত্যাখ্যান করছে।
তিনি বলেন, হামাস সম্পূর্ণভাবে নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করা হবে না।
হামাসের নিরস্ত্রীকরণের বিষয়ে বেশ কিছু কঠোর শর্তও দিয়েছেন নেতানিয়াহু। তার ভাষ্য অনুযায়ী, হামাসকে তাদের সব ভারী ও হালকা অস্ত্র সম্পূর্ণভাবে সমর্পণ করতে হবে। পাশাপাশি গাজায় অবশিষ্ট যেকোনো সুড়ঙ্গের বিষয়েও একটি পরিকল্পনা দিতে হবে।
নেতানিয়াহুর এমন অনড় অবস্থান ‘বোর্ড অব পিস’ এবং মধ্যস্থতাকারীদের জন্য বড় ধরনের সমস্যার সৃষ্টি করেছে। গত কয়েক মাস ধরে মধ্যস্থতাকারীরা হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের ধাপে ধাপে প্রত্যাহারের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করে আসছিলেন।
তবে এখন মনে হচ্ছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহু পুরো প্রক্রিয়াটিই নতুন করে শুরু করার অবস্থান নিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, তার সরকারের সময়ে এমন কোনো সমঝোতা বাস্তবায়িত হবে না।
সূত্র: আল-জাজিরা