
পবিত্র নগরী মদিনায় তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় সৌদি আরবের পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা।
রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় হুথিদের ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশ গভীরভাবে নিন্দা জানাচ্ছে। মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহের সঙ্গে যুক্ত এমন একটি অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে হামলার লক্ষ্যবস্তু করা ইসলামের পবিত্র স্থানগুলোর মর্যাদার ওপর অগ্রহণযোগ্য আঘাত বলেও উল্লেখ করেছে বাংলাদেশ।
সৌদি আরবের নিরাপত্তায় ঢাকার সংহতি
সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের পূর্ণ সংহতির কথাও বিবৃতিতে তুলে ধরা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে—এমন যেকোনো ধরনের আগ্রাসনমূলক কর্মকাণ্ড বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলে জানানো হয়েছে।
হামলার দায় নিয়ে পরস্পরবিরোধী দাবি
মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হামলার জন্য ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের ভাষ্য অনুযায়ী, ড্রোন হামলায় বিদ্যুৎকেন্দ্রটির একটি ট্রান্সফরমার অকেজো হয়ে যায়। তবে এতে সৌদি আরবের সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি বলে দাবি করা হয়েছে।
তবে হামলার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে হুথি গোষ্ঠী। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, মদিনার ওই বিদ্যুৎকেন্দ্রে তারা কোনো হামলা চালায়নি।