.png)
বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়িয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত বক্তা মুফতি আমির হামজা। বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মানহানি মামলায় তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন।
সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে তার এই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত ২১ এপ্রিল আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ঘটনার সূত্রপাত ২৬ মার্চ। ওইদিন কুষ্টিয়া সদরের একটি মসজিদে জুমার খুতবার আগে বক্তব্য দিতে গিয়ে তিনি জ্বালানিমন্ত্রীকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে উল্লেখ করেন। এ মন্তব্যের জেরে ২ এপ্রিল অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।
পরবর্তীতে আদালত তাকে হাজিরার জন্য সমন জারি করলেও নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে উসকানিমূলক ও বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে মুফতি আমির হামজার বিরুদ্ধে, যা নিয়ে একাধিকবার আলোচনা-সমালোচনা হয়েছে।