
এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আটজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর থানায় নিজেই বাদী হয়ে মামলাটি করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।
জানা গেছে, মামলায় নিষিদ্ধ ঘোষিত কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আসামি করা হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, অগ্নিসংযোগ, নাশকতা ও বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে। এজাহারে নাম উল্লেখ করা আটজন ছাড়াও অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের নিজ বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।