
সব পণ্যের দাম বাড়লেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ এখনো তিনবেলা ভাত খেতে পারছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেনুবন বিহারে বৌদ্ধদের জাতীয় ও ধর্মীয় উৎসব কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ওই সরকারের লোকজন এত বেশি লুটপাট করেছে যে শেষ পর্যন্ত তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। তারা দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। সেই অবস্থা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে আবার গড়ে তোলার কাজ চলছে।
তিনি বলেন, বিশ্বজুড়ে অস্থিরতার কারণে দেশে নিত্যপণ্যের দাম বেড়েছে। সবকিছুর দাম বাড়লেও প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশের মানুষ এখনো তিনবেলা ভাত খেতে পারছেন।
জাহিদ হোসেন বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগেও তারা পালিয়েছিল, এখনো পালিয়ে আছে। বিএনপি জনগণের দল। তাই দলটি সব সময় জনগণের মধ্যে থাকতে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের মধ্যে থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। একই পথ অনুসরণ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জনগণও তাঁদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ষড়যন্ত্রের কথা বলে বিভিন্ন ধরনের উসকানি দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এত মানুষকে হত্যা, গুম ও পঙ্গু করে দেওয়ার পরও কেউ কীভাবে ভাবতে পারেন যে এ দেশে তাঁদের বিচার হবে না? দেশে আইনের শাসন রয়েছে। অন্যায় করলে তার শাস্তি পেতে হবে। জনগণের ওপর শক্তি প্রয়োগ করে প্রভাব বিস্তারের চেষ্টা করলে ৫ আগস্টের মতো পরিণতি ভোগ করতে হবে।
জাহিদ হোসেন আরও বলেন, বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা হলো, ‘জগতের সকল প্রাণী সুখী হোক’। সবাই মিলে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে চান তাঁরা। ভবিষ্যতের বাংলাদেশ গড়তে ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
উত্তরবঙ্গ সংঘনায়ক ভদন্ত সোমানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত জাহান, বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র ভিক্ষু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব পরিতোষ চক্রবর্তী এবং মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানীসহ অন্যরা।