
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এ ঘটনার প্রতিবাদ জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে বলা হয়, বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে হামলার ঘটনা ঘটে। একজন সংসদ সদস্যের বাড়িতে গভীর রাতে এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। এমন ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, হামলার ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে হবে। একই সঙ্গে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে সহিংসতা, হামলা কিংবা অগ্নিসংযোগের মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশে আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
বিবৃতিতে জামায়াতের এই নেতা নুসরাত তাবাসসুম জ্যোতি ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানান।