
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সারা দেশের প্রায় পাঁচ হাজার তরুণ-তরুণীকে মোট ৪৭ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকার যুব ঋণ প্রদান করবে সরকার। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর এই ঋণ বিতরণ করবে। অনুষ্ঠানটি শুরু হবে সকাল ১০টায়।
সোমবার (১১ আগস্ট) তথ্য অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, এ বছরও জাতীয় যুব কার্যক্রমে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠত্বের ভিত্তিতে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে। পুরস্কার প্রদান করা হবে জাতীয় পর্যায়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে, পাশাপাশি বিভাগীয় পর্যায়ে এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ট্রান্সজেন্ডার ও বিশেষ চাহিদাসম্পন্ন তরুণদের মধ্য থেকেও বিজয়ী বাছাই করা হবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’।
বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী তরুণদের উত্থানকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে তারা কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠনভিত্তিক স্বেচ্ছাসেবী কার্যক্রমে সম্পৃক্তকরণসহ বিভিন্ন উদ্যোগ পরিচালনা করছে। আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে প্রতিবছর প্রায় ২ লাখ তরুণকে কর্মসংস্থান বা আত্মকর্মসংস্থানে যুক্ত করা হচ্ছে।
বর্তমানে দেশের ৬৪টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, পরিবেশবান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন এবং মোবাইল ভ্যানের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে। এছাড়া EARN প্রকল্পের মাধ্যমে শিক্ষা ও প্রশিক্ষণহীন প্রায় ৯ লাখ বেকার তরুণকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তথ্য অনুযায়ী, গত এক বছরে ১৮ থেকে ৩৫ বছর বয়সী দুই লাখ ৭১ হাজার ৭১৯ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। পাশাপাশি সড়কের শৃঙ্খলা ফেরাতে পুলিশের সহায়ক হিসেবে কাজ করার জন্য ১,০৭৬ জন তরুণকে ট্র্যাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।