
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’-প্রতিপাদ্যে খাগড়াছড়িতে নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস।
রোববার (১নভেম্বর) দুপুরে জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
অনুষ্ঠানে যুবকদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে যুব উন্নয়ন কার্যক্রমের আওতায় যুবকদের মধ্যে যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. রতন খীসা, জেলা পরিষদ সদস্য এম এন আবছার ও কুহেলী দেওয়ানসহ বিভিন্নসরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।