
'দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ' এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় যুব দিবসে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ৩ জন উদ্যোক্তাকে ৩ লাখ ৩০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে যুব মেলা উদ্বোধন, বৃক্ষরোপণ এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেছেন অতিথিরা।
রবিবার (১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এসব আয়োজন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়ক প্রদক্ষিণ করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান৷
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সালেহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ, জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. সফিকুল ইসলাম
প্রমুখ।