
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ায় ‘বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’—এমন মন্তব্যের জেরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন আদালত। আগামী ৪ নভেম্বর তাঁকে সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ জানিয়েছে, নির্ধারিত দিনে উপস্থিত হয়ে বিতর্কিত মন্তব্যের বিষয়ে ব্যারিস্টার ফুয়াদকে তাঁর অবস্থান ব্যাখ্যা করতে হবে।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, সম্প্রতি এবি পার্টির একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ তোলেন ফুয়াদ। তাঁর মন্তব্যে বস্তাভর্তি টাকা কিংবা কোটি কোটি টাকার লেনদেনের কথা উঠে আসে। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আসার পর বিচারিক প্যানেল নিজ উদ্যোগে আদালত অবমাননার নোটিশ জারি করেন।
এদিকে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম ও রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এর আগে আরও দুই আইনজীবীকে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করা হয়েছে।