
চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার বিভিন্ন বস্তি এলাকাকে ভারতের ‘নয়া দিল্লি’ হিসেবে প্রচার করার ঘটনায় তীব্র অসন্তোষ জানিয়েছে ভারত। এ ধরনের অপপ্রচার ও বিকৃত তথ্য ছড়ানো বন্ধ করতে অভিযুক্ত চীনা ভ্লগারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। এ ঘটনাকে তিনি অত্যন্ত ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, কোনো দেশের বিকৃত চিত্র তুলে ধরার এমন প্রচেষ্টা সত্যিই দুঃখজনক। ঢাকার বিভিন্ন স্থানকে দিল্লি হিসেবে প্রচারের জন্য বিদেশি ভ্লগারদের ব্যবহার করার চেষ্টা চলছে। তবে এ ধরনের মিথ্যা ও সাজানো গল্প ছড়িয়ে যারা এসব করছে এবং নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছে, শেষ পর্যন্ত তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতাই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ বাংলাদেশ সরকারের কাছে ভারতের অনুরোধ, তারা যেন এ ধরনের অপপ্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেয়।
সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কয়েক মাস ধরে একদল চীনা ভ্লগার ও সরাসরি সম্প্রচারকারীরা ঢাকার বিভিন্ন দরিদ্র ও বস্তি এলাকায় ঘুরে ভিডিও ধারণ করছিলেন। একাধিক মোবাইল ফোন ব্যবহার করে তাঁরা ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন গলি ও সড়কে সরাসরি সম্প্রচার করতেন।
এমনকি অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা উপেক্ষা করে তাঁদের ঘরবাড়িতেও প্রবেশ করতেন এসব ভ্লগার। পরে ধারণ করা ভিডিও চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সংশ্লিষ্ট এলাকাগুলোকে ‘নয়া দিল্লি’ কিংবা ভারতের অংশ হিসেবে প্রচার করা হতো।
মাসের পর মাস ধরে চীনা ভ্লগারদের এমন কর্মকাণ্ডে ঢাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। এসব ভিডিও কোথায় এবং কীভাবে ব্যবহার করা হচ্ছে, তা সাধারণ মানুষের অজানা। এ কারণে তাঁদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আন্তর্জাতিক পরিসরে বিভ্রান্তি ছড়ানো এবং বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর এমন ঘটনাকে নিরাপত্তা ও কূটনৈতিক দিক থেকেও স্পর্শকাতর হিসেবে দেখা হচ্ছে।