
ভারতের উত্তর প্রদেশে দীপাবলির রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর এক সদস্যকে মাথায় গুলি করা হয়েছে। আহত সেনাসদস্যের নাম সৌরভ তোমর (২৬)। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে মিরাটের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, দীপাবলির রাতে বাড়ির বাইরে দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাজি ফোটাচ্ছিলেন সৌরভ। এ সময় গ্রামের দুই বাসিন্দা ধীরাজ ও তার ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এ বিরোধ সহিংসতায় গড়ায়।
অভিযোগ অনুযায়ী, এ সময় ধীরাজ একটি দেশীয় পিস্তল বের করে গুলি চালান। গুলিটি প্রথমে দেয়ালে আঘাত করে। পরে সেটি সৌরভের মাথায়, কানের পেছনের অংশে গিয়ে লাগে।