
শেরপুরের নালিতাবাড়ীতে সাত বছর বয়সী এক ছেলে শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের করা মামলায় চার আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। একইসাথে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচার মোহাম্মদ বাহাউদ্দিন আহমেদ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭ধারায় এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের আকবর আলীর ছেলে রাইসুল হুদা (৩৪), আবুল কাশেমের ছেলে বোরহান উদ্দিন (৩৭), আরব আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৯) ও সাহেদউল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে বাবু (৩২)। এরমধ্যে রাইসুল ও জামিরুল কারাগারে থাকলেও বাকী দুইজন পলাতক রয়েছেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ আগস্ট নালিতাবাড়ী শহরের দক্ষিণ গড়কান্দা সাহাপাড়া এলাকা থেকে সাত বছর বয়সী এক ছেলে শিশুকে অপহরণ করে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে রাইসুল হুদা, বোরহান উদ্দিন, জামিরুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন ওরফে বাবু। তবে, ওই শিশুর পরিবারের কাছে টাকা না থাকায় তিনি অপহরণকারীদের নিকট টাকা পাঠাতে ব্যর্থ হন।
এদিকে, পরদিন জামালপুরের নারিকেলী বাজারে ওই শিশুকে অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ওই শিশু অপহরণকারী রাইসুলকে দেখে চিনতে পারে এবং তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর রাইসুল অপহরণের কথা স্বীকার করে তার সহযোগীদের নাম প্রকাশ করে। এ ঘটনায় ওইদিনই ওই শিশুর বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় চারজনসহ অজ্ঞাতনামা আরও দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পরবর্তীতে নালিতাবাড়ীর থানার এসআই রুহুল আমিন তালুকদার ২০১৪ সালের ২৬ ডিসেম্বর ৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক পর্যায়ে সংবাদদাতা বাদী, ভিকটিম, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তাসহ ১১জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করা হয়। আসামিদের মধ্যে উপস্থিত রাইসুল ও জামিরুলকে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে প্রেরণ করা হয়। বাকী দুই আসামি বোরহান উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আশরাফুন্নাহার রুবী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ রায়ের ফলে বাদীপক্ষ সন্তুষ্ট। আমরাও বলতে চাই, এই রায়ের ফলে প্রমাণ হয়েছে যে, দেশে আইনের শাসন ব্যবস্থা সুন্দর রয়েছে। মানুষ ন্যায়বিচার পাচ্ছে। যার ফলে বাংলাদেশের বিচার ব্যবস্থা আরও এক ধাপ এগিয়ে গেল বলে আমি মনে করি।