
ইসরায়েলের নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। আপাতত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নতুন পার্লামেন্টের আসনবিন্যাস ও রাজনৈতিক সমীকরণ তাঁর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সংখ্যাগরিষ্ঠতা হারানো, ৭ অক্টোবরের হামলার তদন্তে কমিশন গঠন, বিচার বিভাগ সংস্কার নিয়ে বিতর্কিত আইন বাতিল এবং নতুন স্পিকার নির্বাচন—এসব ইস্যুতে পার্লামেন্টে কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন তিনি।
ইসরায়েলের রাজনীতিকে মধ্যপন্থার দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে গত রোববার নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। তবে পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তাঁর পক্ষে সরকার গঠন সহজ হবে না। একই পরিস্থিতিতে রয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটও।
নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন। তবে ১২০ সদস্যের নতুন পার্লামেন্ট তাঁর বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রাখে।
ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের রাজনৈতিক বিশেষজ্ঞ আসাফ শাপিরা বলেন, নতুন সরকার গঠিত না হলেও পার্লামেন্টের (নেসেট) সাংবিধানিক ক্ষমতা ও এখতিয়ার অক্ষুণ্ন থাকবে।
এদিকে, ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার বিষয়ে নেতানিয়াহুর কোনো ম্যান্ডেট নেই বলে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সতর্ক করেছেন আইজেনকট। তবে তাঁর এই বক্তব্যের গুরুত্ব মূলত রাজনৈতিক, আইনি নয়। কারণ, জাতীয় নিরাপত্তার দায়িত্ব এখনো নেতানিয়াহুর হাতেই রয়েছে।
নতুন পার্লামেন্টে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের আসনসংখ্যা আগের ৬৮ থেকে কমে ৫৩টিতে নেমে এসেছে। অন্যদিকে, আইজেনকটের মূল বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। এ ছাড়া নতুন পার্লামেন্টে রেকর্ডসংখ্যক ১৯ জন আইনপ্রণেতা রয়েছেন আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলো থেকে। এসব দল নেতানিয়াহু ও তাঁর কট্টর ডানপন্থী সরকারের কঠোর বিরোধী। যদিও ইসরায়েলি আরবদের সঙ্গে নিয়ে আইজেনকট সরাসরি কাজ করবেন কি না, তা এখনো পরিষ্কার নয়।
নতুন পার্লামেন্টে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান দুর্বল করে দিতে পারে, এমন কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ সামনে এসেছে।
৭ অক্টোবরের হামলা তদন্তে কমিশন গঠনের উদ্যোগ
নতুন পার্লামেন্টে বিরোধী দলগুলোর অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পেছনে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশন গঠন। ওই হামলায় ইসরায়েলের ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়। বিশ্বের অন্যতম কঠোর নিরাপত্তাব্যবস্থার দেশ হিসেবে পরিচিত ইসরায়েল কীভাবে হামাসের এমন ভয়াবহ হামলা ঠেকাতে ব্যর্থ হলো, তা নিয়ে দীর্ঘদিন ধরেই তদন্তের দাবি রয়েছে।
নেতানিয়াহু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে তাঁর সরকার জাতীয় ও স্বাধীন তদন্ত কমিশন গঠনের বিরোধিতা করেছে। এ ধরনের কমিশনের হাতে ব্যাপক তদন্তক্ষমতা থাকার কথা। এর পরিবর্তে রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া ব্যক্তিদের মাধ্যমে ঘটনাটি পর্যালোচনার পক্ষে অবস্থান নিয়েছেন নেতানিয়াহু।
রাজনৈতিক বিশেষজ্ঞ আসাফ শাপিরা জানিয়েছেন, নতুন সরকার গঠনের আগেই পার্লামেন্ট হামলার ঘটনা তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করতে পারে। পরবর্তী সময়ে ওই কমিটির অনুসন্ধান ও প্রতিবেদন পূর্ণাঙ্গ তদন্ত কমিশনের কাছে হস্তান্তর করা সম্ভব।
নির্বাচনের পর আইজেনকট জানিয়েছেন, তদন্ত কমিশন গঠন করা হবে তাঁর তাৎক্ষণিক অগ্রাধিকারগুলোর অন্যতম। ফলে ৭ অক্টোবরের হামলা প্রতিরোধে সরকারের ব্যর্থতা এবং এতে নেতানিয়াহুর ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক চাপের মুখে পড়তে পারেন প্রধানমন্ত্রী।
নেতানিয়াহু আমলের বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ
নতুন পার্লামেন্ট নেতানিয়াহু সরকারের সময়ে পাস হওয়া বেশ কয়েকটি বিতর্কিত আইন দ্রুত বাতিলের উদ্যোগ নিতে পারে। এসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিচার বিভাগে ব্যাপক সংস্কারের উদ্যোগসংক্রান্ত আইন।
দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর থেকে নেতানিয়াহু বিচার বিভাগকে নিজের প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে আসছেন। তাঁর সরকারের বিচার বিভাগ সংস্কারের উদ্যোগকে কেন্দ্র করে ইসরায়েলের ইতিহাসে অন্যতম বড় বিক্ষোভ হয়েছিল। উদারপন্থীদের আশঙ্কা ছিল, এই সংস্কার কার্যকর হলে দেশটির গণতন্ত্রের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। তবে হামাসের ৭ অক্টোবরের হামলা এবং পরবর্তী যুদ্ধের কারণে বিচার বিভাগ সংস্কার নিয়ে বিতর্কের গুরুত্ব জনমনে দ্রুত কমে যায়।
নতুন পার্লামেন্ট আগের জোট সরকারের পাস করা এমন আইন বাতিলের উদ্যোগ নিতে পারে, যেগুলোর মাধ্যমে সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত করা হয়েছিল এবং দেশটির অ্যাটর্নি জেনারেলকে অপসারণের প্রক্রিয়া সহজ করা হয়েছিল।
এ ছাড়া অতি-রক্ষণশীল ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়ার বিধানও বাতিল বা সংশোধন করতে পারেন আইনপ্রণেতারা।
সামরিক বাহিনীর ওপর যখন ব্যাপক চাপ তৈরি হয়েছে, তখন অতি-রক্ষণশীল ইহুদিদের সেনাবাহিনীতে যোগদান থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি অনেক ইসরায়েলির মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। তবে বিদ্যমান আইনগুলো অতি-রক্ষণশীল দলগুলোর প্রত্যাশাও পূরণ করতে পারেনি। এ কারণে বিরোধী শিবিরের অন্তত একজন রাজনৈতিক নেতা এসব দলের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন।
আসাফ শাপিরার মতে, নেতানিয়াহু সরকারের আমলে পাস হওয়া আইন বাতিল করা তুলনামূলক সহজ। এ ক্ষেত্রে পার্লামেন্টে ভোটের আয়োজন করে আগের নীতিতে ফিরে গেলেই হবে। তবে নতুন আইন পাস করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। কারণ, এ বিষয়ে বিরোধী দলগুলোকে নিজেদের অগ্রাধিকার নির্ধারণ এবং পারস্পরিক সমন্বয় করতে হবে।
নতুন স্পিকার নির্বাচন ঘিরে প্রথম রাজনৈতিক সংঘাত
নতুন পার্লামেন্টের প্রথম রাজনৈতিক সংঘাত তৈরি হতে পারে স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে। বর্তমানে এই দায়িত্বে রয়েছেন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী এবং তাঁর দল লিকুদের সদস্য আমির ওহানা। পার্লামেন্টের কার্যপ্রণালি অনুযায়ী, উদ্বোধনী অধিবেশনেই স্পিকার নির্বাচনের ভোটাভুটি হতে পারে। তবে নতুন সরকার শপথ নেওয়ার আগেই এই নির্বাচন সম্পন্ন করতে হবে।
এ নিয়ে বৃহস্পতিবার থেকেই প্রাথমিক বিরোধ দেখা দিয়েছে। আইজেনকটের জোটের তিনটি দল বিদায়ী স্পিকার আমির ওহানাকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে, পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনেই যেন তাঁর উত্তরসূরি নির্বাচন করা হয়। রাজনৈতিক বিশেষজ্ঞ আসাফ শাপিরাও বলেছেন, উদ্বোধনী অধিবেশনে স্পিকার নির্বাচন করাই তুলনামূলক বেশি প্রচলিত রীতি।
তবে এর জবাবে ওহানা বলেছেন, নতুন সরকার যেদিন শপথ নেবে, সেদিনই স্পিকার নির্বাচন করার রীতি রয়েছে।
এদিকে, বিরোধী শিবিরের গুরুত্বপূর্ণ নেতা নাফতালি বেনেত জোটের অগ্রাধিকারগুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন।
তিনি বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব নেসেটের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেব।’
সব মিলিয়ে নতুন পার্লামেন্টে আসনসংখ্যার হিসাব নেতানিয়াহুর জন্য বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি করতে পারে। ৭ অক্টোবরের হামলার তদন্ত, বিচার বিভাগ সংস্কারসংক্রান্ত আইন বাতিল, অতি-রক্ষণশীল ইহুদিদের সামরিক বাহিনীতে নিয়োগ এবং স্পিকার নির্বাচন—প্রতিটি বিষয়েই নতুন পার্লামেন্টে চাপে পড়ার আশঙ্কা রয়েছে তাঁর। নতুন সরকার গঠনের আগেই পার্লামেন্টের ক্ষমতা কাজে লাগিয়ে বিরোধীরা নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান দুর্বল করার সুযোগ পাচ্ছে।