
তৃণমূল পর্যায়ে মানুষের জরুরি প্রয়োজন মেটাতে সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে সরাসরি সংসদ সদস্যদের অনুকূলে এ অর্থ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সিটি করপোরেশন এলাকার বাইরের ২৪৮ জন এবং সিটি করপোরেশন এলাকার ৩৬ জন সংসদ সদস্য প্রত্যেকে ৫ কোটি টাকা করে পাবেন।
গত ১০ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে পৃথক দুটি চিঠি দিয়ে এ বরাদ্দের প্রস্তাব পাঠান।
চিঠি দুটিতে সিটি করপোরেশন এলাকার বাইরের ২৪৮ জন সংসদ সদস্যের জন্য ৫ কোটি টাকা করে মোট ১ হাজার ৩২০ কোটি টাকা এবং সিটি করপোরেশন এলাকার ৩৬ জন সংসদ সদস্যের জন্য একই হারে ১৮০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। সব মিলিয়ে প্রস্তাবিত বিশেষ বরাদ্দের পরিমাণ ১ হাজার ৫০০ কোটি টাকা।
অর্থসচিবকে পাঠানো চিঠিতে স্থানীয় সরকার বিভাগের সচিব উল্লেখ করেন, দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের অবসানের পর জনগণের সরাসরি ভোটে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নতুন করে আশার সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারের কাছে মানুষের প্রত্যাশাও অনেক বেশি।
চিঠিতে আরও বলা হয়, সংসদীয় ব্যবস্থা চালু হওয়ার পর তৃণমূল পর্যায়ের মানুষ তাঁদের ছোটখাটো কিন্তু জরুরি প্রয়োজনের কথা সংসদ সদস্যদের কাছে তুলে ধরছেন। সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে মানুষের সমস্যার কথা শুনলেও তাঁদের বর্তমান ঐচ্ছিক তহবিলের বরাদ্দ খুবই সীমিত। ফলে মানুষের তাৎক্ষণিক ও জরুরি চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। বর্তমানে একজন সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলে বরাদ্দ রয়েছে মাত্র ৫ লাখ টাকা।
স্থানীয় সরকার বিভাগের ভাষ্য অনুযায়ী, প্রস্তাবিত বিশেষ বরাদ্দের অর্থ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যয় করা হবে।
তবে সংসদ সদস্যদের সরাসরি এ ধরনের উন্নয়ন বরাদ্দ দেওয়ার প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, এ ব্যবস্থা উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মতো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। অতীতে এ ধরনের বরাদ্দের মাধ্যমে সংসদ সদস্যদের আইন প্রণয়ন ও তদারকির দায়িত্বের বাইরে গিয়ে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং স্বজনপ্রীতির সুযোগ তৈরির অভিযোগ উঠেছে। এতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের ঝুঁকিও বাড়তে পারে।
বিশ্লেষকদের আশঙ্কা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরিবর্তে সরাসরি আইনপ্রণেতাদের হাতে উন্নয়ন বরাদ্দের দায়িত্ব দেওয়া হলে তা ক্ষমতার বিকেন্দ্রীকরণ নীতির পরিপন্থী হতে পারে। পাশাপাশি বরাদ্দের অর্থ কীভাবে ব্যয় হবে এবং এ ক্ষেত্রে জবাবদিহি কীভাবে নিশ্চিত করা হবে, তা নিয়েও প্রশ্ন দেখা দিতে পারে।
সংসদ সদস্যদের জন্য ১৬টি নতুন প্রকল্প
এদিকে সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার উন্নয়নে দেশের আটটি বিভাগে দুটি করে মোট ১৬টি নতুন প্রকল্প নেওয়ার উদ্যোগ রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি বিভাগের শহরাঞ্চলের সংসদীয় আসনের জন্য একটি এবং শহরের বাইরের আসনগুলোর জন্য আরেকটি প্রকল্প নেওয়া হবে।
প্রস্তাবিত এসব প্রকল্পের আওতায় প্রতিটি সংসদীয় আসনের জন্য বছরে ১০ কোটি টাকা করে পাঁচ বছরে মোট ৫০ কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে। এ অর্থ দিয়ে সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকার রাস্তাঘাট ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার অনুযায়ী কাজের প্রস্তাব দিতে পারবেন।
সংসদ সদস্যরা তাঁদের নির্বাচনী এলাকার রাস্তাঘাট, সেতু, কালভার্ট, হাটবাজার ও ঘাট উন্নয়নের তালিকা দেবেন। সেই তালিকা ধরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।
স্থানীয় সরকার বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। দ্রুতই এটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।
সংসদ সদস্যদের জন্য বিদ্যমান বরাদ্দ
সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার রাস্তাঘাট, সেতু, কালভার্ট, হাটবাজার এবং গ্রামীণ ও শহুরে অবকাঠামো উন্নয়নে অতীতেও বিভিন্ন ধরনের বিশেষ ও থোক বরাদ্দ দেওয়ার নজির রয়েছে। বিভিন্ন সময়ে প্রতিটি সংসদীয় আসনের জন্য ১৫ থেকে ২০ কোটি টাকা পর্যন্ত বরাদ্দ রেখে উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে।
এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং ইউনিয়ন পরিষদ ও সিটি করপোরেশনের উন্নয়ন সহায়তা খাতের বিশেষ অনুদান থেকেও সংসদ সদস্যদের মনোনীত বা প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে অর্থ দেওয়া হয়ে থাকে।
চলতি অর্থবছরে সামাজিক ও পল্লি অবকাঠামো উন্নয়নের জন্য সরকার পৃথক বিশেষ তহবিলে মোট ৬ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। এর একটি বড় অংশ সংশ্লিষ্ট সংসদীয় আসনে সংসদ সদস্যদের চাহিদা অনুযায়ী ব্যয়ের উদ্যোগ রয়েছে।
স্থানীয় সরকার বিভাগের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের ৩ হাজার ২৫৩টি ইউনিয়ন পরিষদের জন্য মোট ৩২৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ তহবিলের আওতায় সংসদ সদস্যদের মনোনীত ও সুপারিশ করা স্থানীয় যোগাযোগ ও পরিবহন অবকাঠামোসংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ পর্যায়ে অনুদান পাঠানো হয়েছে।
অন্যদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) এবং কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির জন্যও প্রতিবছর বাজেটে বরাদ্দ রাখা হয়।
টিআর কর্মসূচির আওতায় সংসদীয় আসনভিত্তিক সংসদ সদস্যদের অনুকূলে প্রতিবছর চাল ও গমের পাশাপাশি সমপরিমাণ নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়। এ অর্থ দিয়ে দুস্থ মানুষের ঘরবাড়ি মেরামত এবং ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারকাজ করা হয়। অন্যদিকে, কাবিখা ও কাবিটা কর্মসূচির মাধ্যমে গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কার ও মাটি ভরাটের কাজেও খাদ্যশস্য ও অর্থ বরাদ্দ দেওয়া হয়।
এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ ও ঐচ্ছিক তহবিল থেকেও সংসদীয় আসনগুলোর সামাজিক ও ধর্মীয় অবকাঠামো উন্নয়নে বিশেষ মঞ্জুরি বা থোক বরাদ্দ দেওয়া হচ্ছে। চলতি অর্থবছরের বাজেটে বিভিন্ন সিটি করপোরেশনের বাইরের এলাকায় বিরোধী দলের সংসদ সদস্যদের আসনে মসজিদ, ঈদগাহ ও কবরস্থান উন্নয়নের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।