
ইসরায়েলের জাতীয় নির্বাচনের পর দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। তবে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও বেনিয়ামিন নেতানিয়াহুর হাতে এখনো ব্যাপক নির্বাহী ক্ষমতা রয়েছে। এ পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করে ইরানে নতুন হামলা চালানোর মধ্য দিয়ে নিজের ক্ষমতা ও রাজনৈতিক আধিপত্য ধরে রাখার পরিকল্পনা করছেন নেতানিয়াহু- এমন আলোচনা শুরু হয়েছে।
নির্বাচন শেষ হওয়ার দুই সপ্তাহ পর দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ বিরোধীদলীয় নেতা গাডি আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। তবে আইজেনকট কিংবা প্রধানমন্ত্রী নেতানিয়াহু—কোনো পক্ষের জোটই পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি। ফলে পরবর্তী সরকার কে গঠন করবে, তা এখনো অনিশ্চিত।
আইজেনকট যখন নতুন জোট গঠনের চেষ্টা করছেন, তখন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু। আইজেনকট সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট হার্জগ সরকার গঠনের সম্ভাবনা নিয়ে নেতানিয়াহুর সঙ্গেও আলোচনা করতে পারেন।
এমন পরিস্থিতিতে ইসরায়েলে এক ধরনের রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে বর্তমান প্রশাসনের জনসমর্থনের সুস্পষ্ট ম্যান্ডেট না থাকলেও রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে।
ইসরায়েলি নাগরিক ও বিশ্লেষক এহাব জব্বারিন আল জাজিরাকে বলেন, ‘নেতানিয়াহু সরকার গঠনের অগ্রাধিকার হারিয়েছেন, কিন্তু তিনি বর্তমান প্রধানমন্ত্রীর পদ হারাননি। তার ক্ষমতা এখন এই বাস্তবতার ওপর নির্ভর করছে যে, বিরোধীদের তাকে সরাতে হলে নিজেদের মধ্যে একটি সমঝোতায় পৌঁছাতে হবে। আর তাদের পারস্পরিক মতপার্থক্যই নেতানিয়াহুর রাজনৈতিকভাবে টিকে থাকার পথ তৈরি করছে।’
জব্বারিনের ব্যাখ্যা, এই সময়ে ইসরায়েল এক ধরনের সাংবিধানিক বৈপরীত্যের মধ্যে রয়েছে। কারণ, প্রধানমন্ত্রীর পদে থাকা ব্যক্তির পেছনে এখন জনসমর্থনের কোনো স্পষ্ট ম্যান্ডেট নেই।
ইসরায়েলের নিজস্ব কোনো একক সংবিধান নেই। দেশটি বরং ‘মৌলিক আইন’ নামে পরিচিত কয়েকটি ভিত্তিগত আইনি নীতির ওপর নির্ভর করে পরিচালিত হয়।
সরকারসংক্রান্ত ইসরায়েলের মৌলিক আইনের ৩০ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন সরকার শপথ নেওয়ার আগপর্যন্ত আগের প্রশাসন দায়িত্ব পালন অব্যাহত রাখে।
জব্বারিন বলেন, ‘সরকারের ধারাবাহিকতার নীতি অনুযায়ী, নেসেটের আস্থা অর্জন করে নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত নেতানিয়াহু ও তার মন্ত্রিসভা কাজ চালিয়ে যাবেন। এ সময়ে রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্কের বিষয়ে সরকারের ক্ষমতা বহাল থাকবে। তবে এসব ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে।’
নেতানিয়াহুর অন্তর্বর্তীকালীন অবস্থান নিয়ে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো সামরিক বাহিনীর ওপর তার নিয়ন্ত্রণ।
নতুন নিয়োগ দেওয়া এবং নিরাপত্তাসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখনো তার হাতে রয়েছে। তবে এসব সিদ্ধান্তের ক্ষেত্রে তাকে বাড়তি যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে হয়। কারণ, আইনি ক্ষমতা থাকলেও সেই ক্ষমতা প্রয়োগের প্রয়োজনীয় ‘বৈধতা’ তার আর নাও থাকতে পারে।
নেতানিয়াহু নির্বাহী বিভাগের প্রধান হলেও সরকারসংক্রান্ত মৌলিক আইনের ৪০ অনুচ্ছেদ অনুযায়ী, তার মন্ত্রিসভা ভোটের মাধ্যমে নতুন যুদ্ধ শুরুর অনুমোদন দিতে পারে। অর্থাৎ, তিনি একক সিদ্ধান্তে নতুন কোনো সংঘাত শুরু করতে পারবেন না।
তবে বিদ্যমান সংঘাতগুলোকে কৌশলগতভাবে কাজে লাগানোর সুযোগ তার রয়েছে। জব্বারিন বলেন, ‘সবচেয়ে প্রাসঙ্গিক পরিস্থিতি হলো নতুন করে কোনো যুদ্ধ শুরু না করা। বরং বিদ্যমান হুমকিকে উসকে দেওয়া এবং নিজেদের স্বার্থে ব্যবহার করার কথা বলা হচ্ছে। এখানে ইরান ও লেবাননের প্রসঙ্গ আসছে।’
আইজেনকট ও তার মিত্ররা বর্তমান নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য না হওয়ায় গোয়েন্দা তথ্য কীভাবে উপস্থাপন করা হবে, সে ক্ষেত্রে নেতানিয়াহুর একক প্রভাব রয়েছে।
জব্বারিন বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘মন্ত্রীদের সামনে কোন বিষয়টিকে এমন বিপদ হিসেবে তুলে ধরা হবে, যা নিয়ন্ত্রণ করা সম্ভব? আর কোনটিকে এমন শেষ সুযোগ হিসেবে দেখানো হবে, যা কোনোভাবেই পিছিয়ে দেওয়া যাবে না? মন্ত্রিসভার কাছে পৌঁছানো তথ্যের বিষয়ে প্রধানমন্ত্রীর এই বাড়তি দায়িত্বের কারণে বিভিন্ন বিকল্প কীভাবে উপস্থাপন করা হচ্ছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’
ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট সরাসরি প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন দেয়। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু দায়িত্ব পালন করলেও এই ব্যবস্থায় কোনো পরিবর্তন আসেনি।
নিরাপত্তা বাহিনীর ওপর নিয়ন্ত্রণ থাকলেও দেশের অভ্যন্তরীণ বিষয় ও আইনি ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে নেতানিয়াহুর কিছু কার্যকর সীমাবদ্ধতা রয়েছে।
ইসরায়েলবিষয়ক লেখক ও বিশেষজ্ঞ মাইসারা বাহর আল জাজিরাকে বলেন, নেতানিয়াহুর নেওয়া আর্থিক সিদ্ধান্তগুলো পরবর্তী সরকারকে প্রভাবিত করতে পারে।
বাহর বলেন, ‘নেতানিয়াহু এমন কিছু পদক্ষেপ নিতে পারেন, যা পরবর্তী সরকারের কাজকে কঠিন করে তুলবে। এর ফলে নতুন সরকারকে আরও বেশি ঋণের বোঝা সামলাতে হতে পারে।’
তবে দীর্ঘদিন ধরে চলা নিজের দুর্নীতির বিচার থেকে রেহাই পেতে নেতানিয়াহু নতুন কোনো আইন পাস করাতে পারবেন না।
জব্বারিনের মতে, বিরোধী জোটের মধ্যে বিভেদ তৈরিতেও নেতানিয়াহু প্রধানমন্ত্রীর বর্তমান অবস্থানকে কাজে লাগাচ্ছেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, জায়নবাদী ভোটার ও তাদের প্রতিনিধিত্বকারী দলগুলোর কাছে আইজেনকটের জোটকে আরব দলগুলোর ওপর নির্ভরশীল হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন নেতানিয়াহু।
অন্যদিকে, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহু প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে পারেন বলে সতর্ক করেছেন বাহর। তার আশঙ্কা, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে নেতানিয়াহু দেশের অভ্যন্তরে অস্থিরতা উসকে দিতে পারেন।
ইসরায়েলের এই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া অন্যান্য সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থার তুলনায় খুব একটা আলাদা নয়। উদাহরণ হিসেবে যুক্তরাজ্য ও ভারতের কথা বলা যায়। দেশ দুটিতে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীরা নির্বাচনী ম্যান্ডেট পাওয়া প্রধানমন্ত্রীর মতোই আইনি ক্ষমতা ভোগ করেন। তবে সাংবিধানিক রীতি অনুযায়ী, যুদ্ধ শুরু করাসহ বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া থেকে তাদের বিরত থাকার কথা।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে বিদায়ী প্রেসিডেন্টকে তার উত্তরসূরির শপথ গ্রহণ পর্যন্ত আড়াই মাসের একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে দায়িত্ব পালন করতে হয়। এই মধ্যবর্তী সময়ে ক্ষমতা হস্তান্তর, বাজেট ও নিয়োগের মতো বিষয়ে তাকে কংগ্রেসের কঠোর নজরদারির মুখোমুখি হতে হয়।
সূত্র: আল জাজিরা।