
ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ অমান্য করার অভিযোগে পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
মঙ্গলবার (১১ আগস্ট) ওমান উপসাগরে ‘ভেলা নোভা’ নামের জাহাজটিতে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার থেকে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, জাহাজটি ওমান উপসাগর পেরিয়ে ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল এবং এ সময় যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ লঙ্ঘনের চেষ্টা করছিল। মার্কিন বাহিনীর পক্ষ থেকে জাহাজটির ক্রুদের একাধিকবার সতর্ক করা হলেও তাঁরা সেই সতর্কতা উপেক্ষা করেন বলে দাবি করেছে সেন্টকম।
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনা সাম্প্রতিক সময়ে কিছুটা কমে এলেও নতুন এই হামলা পরিস্থিতিতে আবারও উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
সেন্টকমের তথ্য অনুযায়ী, ইরানের বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধের আওতায় এখন পর্যন্ত ৫৫টি বাণিজ্যিক জাহাজের চলাচল অকার্যকর করা হয়েছে।
এ ছাড়া মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ‘অমান্যকারী’ হিসেবে চিহ্নিত তিনটি জাহাজকে অচল করা হয়েছে এবং আরও দুটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে।