
দেশে যারা আগুনসন্ত্রাস ও নাশকতা চালাচ্ছে, তাদের সবাই ভারতে পালিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
রোববার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত’ বলে মন্তব্য করেছেন এম এ আরাফাত। তিনি বলেন, আগেই বলেছিলেন—১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসবে, সবার বক্তব্যের সুর এভাবেই পরিবর্তিত হবে।
তিনি আরও লেখেন, গতকাল রাতে ফেসবুক লাইভের অডিওবার্তায় শেখ হাসিনা বলেছেন, ‘আমি সবকিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই...’। পরবর্তী সময়ে অন্য এক জায়গায় তিনি বলেছেন, ‘সুযোগ পেলে যাব!’ কিন্তু ১৬ ডিসেম্বরই তিনি দেশে ফিরবেন, এমন কথা একবারের জন্যও স্পষ্ট করে বলেননি। এর মধ্য দিয়ে শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে একপ্রকার নিজেকে সরিয়ে নিয়েছেন।
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, যারা আগুনসন্ত্রাস চালাচ্ছে, তাদের সবাই ভারতে পালিয়ে যেতে পারবে না। শেখ হাসিনার অডিও বক্তব্যের পর অন্তত এই সন্ত্রাস থেকে তাদের সরে আসা উচিত। অন্যথায় নতুন করে বাংলাদেশের জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হলে কারও অস্তিত্ব থাকবে না। বাগেরহাটবাসী প্রতিরোধের ধরন বুঝিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।