.jpeg)
৭৯ বছর বয়সী শেখ হাসিনা প্রায় ১৫ বছর বাংলাদেশের ক্ষমতায় ছিলেন। ২০২৪ সালে ছাত্র-জনতার নেতৃত্বে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাঁর শাসনের অবসান ঘটে। এরপর তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছর বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল তাঁকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তাঁর সরকারের বিরুদ্ধে পরিচালিত দমন-পীড়নের অভিযানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হওয়ার অভিযোগ রয়েছে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাসিত জীবন কাটালেও বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
দেশে ফেরার ঘোষণা দিয়ে শেখ হাসিনা বলেছেন, “মৃত্যুই যদি আমার নিয়তি হয়, তবে আমি বরং নিজের দেশের মাটিতে, নিজের মানুষের মাঝে মৃত্যুবরণ করব।”
তাঁর এই ঘোষণাকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, দেশে ফিরে শেখ হাসিনা আসলে কী অর্জন করতে চান? অন্যদিকে, ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসা তাঁর পরবর্তী সময়ের প্রথম নির্বাচিত সরকার এবং বিএনপির নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান কীভাবে এই পরিস্থিতি সামাল দেবে?
আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলেও দলটির কিছু সমর্থন এখনো রয়েছে। শেখ হাসিনা দেশে ফিরলে সেই সমর্থন কাজে লাগিয়ে আবারও রাজনীতির কেন্দ্রে অবস্থান নেওয়ার চেষ্টা করতে পারেন। একই সঙ্গে তাঁর প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অবিনাশ পালিওয়াল বলেন, “বাংলাদেশের সামনে একটি সিদ্ধান্ত নেওয়ার আছে: শেখ হাসিনাকে আবারও দেশকে অস্থিতিশীল করতে দেওয়া, অথবা তাঁর প্রত্যাবর্তনকে জাতীয় ক্ষত নিরাময়ের সূচনা হিসেবে ব্যবহার করা।”
দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ সরকারের
সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশে গুরুতর রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। নতুন সরকার এসব ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্র মাহদী আমিনের অভিযোগ, শেখ হাসিনার দলের সদস্যরা তাঁর দেশে ফেরার বিষয়টি সামনে এনে রাজনৈতিক উত্তেজনা তৈরি করছেন। তাঁদের উদ্দেশ্য বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং দেশে অরাজকতা ছড়িয়ে দেওয়া।
এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ সরকার সহযোগিতা করছে না। তাঁর জন্য নতুন পাসপোর্ট ইস্যু করা কিংবা রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফেরার ব্যবস্থা করার অনুরোধেও সাড়া দেয়নি সরকার।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কেবল হাতকড়া পরা অবস্থায় অথবা কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে।
তিনি বলেন, “সে একজন সন্ত্রাসী, তার কোনো অনুশোচনা নেই, সে ভারতের সার্বভৌম ভূখণ্ড থেকে সহিংসতার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সন্ত্রাসীরা পাসপোর্ট পায় না... সন্ত্রাসীরা বিজনেস-ক্লাস ফ্লাইটে চড়ে না।”
নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। দলটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত এবং দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক সংগঠন। শেখ হাসিনা স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমানের মেয়ে।
সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা একলেডের তথ্য অনুযায়ী, চলতি মাসে আওয়ামী লীগের সমর্থকেরা ৪০টি বিক্ষোভ এবং ১৪০টির বেশি দাঙ্গায় অংশ নিয়েছেন। এসব ঘটনার কারণে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ২০২৪ সালের আগস্টের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ওই মাসেই গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের অভিযোগ, গত নভেম্বর মাসে তাঁর প্রতিষ্ঠিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে। তবে চলমান অস্থিরতার পেছনে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ।
দেশে ফেরার পক্ষে হাসিনার যুক্তি, আছে আইনি জটিলতা
শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন, দুই বছরেরও বেশি সময় ধরে দুর্ভোগে থাকা মানুষের পাশে দাঁড়াতে দেশে ফিরতে চান শেখ হাসিনা।
আরাফাতের ভাষ্য, শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতেও দেশে ফিরতে চান। তাঁর দাবি, বিচারপ্রক্রিয়ায় কীভাবে কারচুপি করা হয়েছে, তা বিশ্বের সামনে তুলে ধরতে চান তিনি।
আরাফাত বিএনপি সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পথে বাধা সৃষ্টির অভিযোগ করেছেন। তাঁর মতে, সরকার আইনি প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং বিভিন্ন কারিগরি জটিলতার অজুহাতে বিষয়টি এড়িয়ে যাচ্ছে।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ রায়হান রশিদ বলেন, “কোনো সরকারই একজন নাগরিককে তার নিজ দেশে ফিরতে বাধা দিতে পারে না।”
তাঁর মতে, শেখ হাসিনার ক্ষেত্রে ঢাকা আইনি বিবেচনার চেয়ে রাজনৈতিক বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছে।
বিশ্লেষকদের ধারণা, দেশে ফেরার সিদ্ধান্তের পেছনে শেখ হাসিনার দুটি লক্ষ্য থাকতে পারে। প্রথমত, নিজের রাজনৈতিক সমর্থন আবার সংগঠিত করা। দ্বিতীয়ত, তাঁর দলের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারকে রাজনৈতিকভাবে চাপে রাখা এবং অস্থিতিশীল করে তোলা।
শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হতে পারে, যা নতুন করে রাজনৈতিক সংকট তৈরি করার ঝুঁকি রাখে।
লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রধান নাওমি হোসেন বলেন, “আওয়ামী লীগ এটা দেখাতে চাইছে যে তাদের ছাড়া বাংলাদেশ শাসন করা সম্ভব নয়।”
এদিকে, পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান বিক্ষোভও সামলাতে হচ্ছে সরকারকে। চলতি মাসে শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর দাবি আদায় করেছেন। এমন পরিস্থিতিতে দেশে নতুন করে রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়লে তা সামাল দেওয়া সরকারের জন্য কঠিন হয়ে উঠতে পারে।
আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক ফেলো মাইকেল কুগেলম্যান মনে করেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশে কোনো পাল্টা অভ্যুত্থান বা প্রতিবিপ্লবের পরিস্থিতি তৈরি করবে না। তবে সরকারকে চাপে ফেলার মতো রাজনৈতিক সমর্থন আওয়ামী লীগ এখনো জোগাড় করতে পারে।
তিনি বলেন, “যদি তাকে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়, তবে তিনি তার বিরোধীদের উসকে দেবেন। যদি তিনি ফিরতে না পারেন বা না ফেরার সিদ্ধান্ত নেন, তবে তা তার সমর্থকদের উসকে দেবে।”
হাসিনাকে ঘিরে বাড়ছে ভারত-বাংলাদেশ সম্পর্কের অচলাবস্থা
শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশ ও ভারতের সম্পর্কেও অস্বস্তি তৈরি করেছে। তাঁকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য ঢাকা নয়াদিল্লির কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। কিন্তু এখন পর্যন্ত সেই অনুরোধ কার্যকর হয়নি।
এ ছাড়া ভারতীয় ভূখণ্ডে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়েও বারবার উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান মনে করেন, শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সহায়তা করতে পারে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল চলতি সপ্তাহে জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারতের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।
তবে তিনি একটি গুরুত্বপূর্ণ পার্থক্যের কথা উল্লেখ করেছেন। তাঁর ভাষায়, কোনো নাগরিক যদি ভ্রমণসংক্রান্ত নথি ব্যবহার করে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চান, তাহলে সেটি প্রত্যর্পণের বিষয় থেকে আলাদা।
এ বিষয়ে একজন ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তা বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে ভারত তাঁকে বিনা শর্তে চলে যেতে দেবে না। তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় শর্ত, সতর্কতা ও ব্যবস্থা থাকতে হবে।
ওই কর্মকর্তা বলেন, “যদি তিনি বাংলাদেশে ফিরতে চান, ভারত তাকে এমনি এমনি যেতে দেবে না; এর জন্য শর্ত, সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে। আমরা তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি না।”
ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক শাফকাত মুনিরের মতে, সশস্ত্র বাহিনীসহ বাংলাদেশের অধিকাংশ মানুষ শেখ হাসিনার শাসনামলকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চায়।
তিনি বলেন, “তার কিছু অন্ধ অনুসারী ছাড়া অধিকাংশ বাংলাদেশিই সামনে এগিয়ে যেতে চায়।”
শাফকাত মুনিরের মতে, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে সৃষ্ট পরিস্থিতি সামাল দিতে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে দেশে ন্যায়বিচার নিশ্চিত করাও জরুরি।
সূত্র: দ্য ফিন্যান্সিয়াল টাইমস