
গত ১৭ বছরে একটি দল চুরি করে খেয়েছে বলে মন্তব্য করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, ‘বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল, গরিবের দল, কৃষক-শ্রমিকের দল। ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে বিএনপি সরকারের আমলেই।’
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে যশোরের ভবদহ স্লুইস গেট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এ অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। সমস্যা সমাধানে মন্ত্রিসভার একাধিক সদস্যও আন্তরিকভাবে কাজ করছেন।
তিনি বলেন, যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি আগামী এক থেকে দুই বছরের মধ্যে অধিকাংশ জমি আবার চাষাবাদের আওতায় আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
মন্ত্রী আরও বলেন, ভবদহের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানের জন্য টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রম গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘমেয়াদি সমাধানের অপেক্ষায় বছরের পর বছর কৃষিজমি অনাবাদি রাখা সম্ভব নয়।
এ কারণে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে নেওয়া সহযোগী প্রকল্পের লক্ষ্য হচ্ছে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। এর মাধ্যমে আগামী এক থেকে দুই বছরের মধ্যে অধিকাংশ জমি চাষাবাদের উপযোগী করে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।