
বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর নিসর্গ হোসেন তূর্যের মৃত্যুতে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।
শনিবার (২৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জি এম কাদের বলেন, গত ৪ অক্টোবর লালবাগ থানার একটি মামলায় তূর্যের মা শারমিন সুলতানা শর্মিকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি তূর্যের অসহায়ত্বের বিষয়টি জানতে পারেন। মায়ের সার্বক্ষণিক যত্ন ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন এই কিশোরের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা জানিয়ে তার আকুতি হৃদয়স্পর্শ করেছিল।
একই সঙ্গে মায়ের ওপর নির্ভরশীল আরেকটি শিশুকন্যার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। শর্মির জামিনের আবেদন মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধও জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তার জামিন হয়নি।
জি এম কাদের বলেন, মায়ের আশঙ্কাই সত্যি হলো। মায়ের সান্নিধ্য ও প্রয়োজনীয় যত্ন থেকে বঞ্চিত হয়ে নিষ্পাপ তূর্যকে অকালে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো।
তিনি আরও বলেন, সন্তানের শেষ বিদায়ের সময়ও কারাবন্দি মায়ের প্যারোলে মুক্তি না পাওয়া এবং শেষ পর্যন্ত কারাগারের ফটকে দাঁড়িয়ে মাত্র কয়েক মুহূর্তের জন্য সন্তানের নিথর মুখ দেখার করুণ দৃশ্য আমাদের মানবিকতাকে গভীরভাবে প্রশ্নবিদ্ধ করে।
জি এম কাদের বলেন, আইনের শাসন ও বিচারিক প্রক্রিয়া নিজস্ব নিয়মে চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু এমন শোকাবহ ও সংবেদনশীল পরিস্থিতিতে মানবিকতা ও সহমর্মিতার জায়গাটি আরও উদার করা কি এতটাই অসম্ভব ছিল?
শেষে তিনি মরহুম তূর্যের রুহের মাগফিরাত কামনা করেন এবং কারাবন্দি মা শারমিন সুলতানা শর্মিসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।