
পাবনার ঈশ্বরদীতে মহাসড়কের পাশের একটি গাছ কেটে সড়কের ওপর ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি ও মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের মানিকনগর পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা মহাসড়কের পাশের একটি গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখে। এতে ওই সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে গাছটি সরিয়ে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনার পর ঘটনাস্থলে আওয়ামী লীগবিরোধী একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সলিমপুর ইউনিয়ন বিএনপির নেতা আনারুল ইসলাম ও উপজেলা যুবদলের নেতা মতিয়ার রহমান।
পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেন। এতে অল্প সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।