
শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সংঘর্ষের সময় অন্তত ১২ থেকে ১৩টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা পদ্মা সেতু অবরোধ করলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। এতে একজন নিহত এবং দুজন গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক করতেও আরও কিছুটা সময় লাগে।
তিনি জানান, সংঘর্ষের সময় অন্তত ১২ থেকে ১৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।