.jpg)
শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর তার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামীলিগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই সাথে দলটির অঙ্গসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকেও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামীলিগ সরকারের পতনের পর বিভিন্ন নিপীড়ন ও সহিংসতার মুখে দীর্ঘ সময় দলটির নেতাকর্মীরা নিষ্ক্রিয় ছিল। এমনকি শেখ হাসিনাসহ দলের শীর্ষ নেতৃত্ব বিদেশে পলাতক কিংবা কারাবন্দি অবস্থা আছেন। ফলে দলের নেতৃত্ব শুন্যতাও তৈরি হয়েছে। দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকার পর সম্প্রতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণয় আবারও আওয়ামীলিগ বিভিন্ন তৎপরতার মধ্য দিয়ে সংগঠিত হচ্ছে। ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা দেয়ার ফলে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দলটি সাংগঠনিক বিস্তার আরও জোরালো হচ্ছে।
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উপ আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ নাঈম বলেন, “আমরা বাসাবাড়িতে থাকি না। বাইরেই থাকি। বাইরে থেকে যোগাযোগ করে চেষ্টা করি, কীভাবে সবাইকে এক জায়গায় এনে মিছিল করা যায়। এখন মিছিলের সংখ্যা বাড়ছে, পাশাপাশি মিছিলে মানুষের উপস্থিতিও বাড়ছে।”
তিনি জানান, গত কয়েক দিনে দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ মিছিল করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরাও মিছিল করে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছেন। তাঁর ভাষ্য, দলের কেন্দ্রীয় নির্দেশনা থেকেই এসব কর্মসূচি পালন করা হচ্ছে।
শেখ মোহাম্মদ নাঈম বলেন, “আপার পাসপোর্ট চাওয়া নিয়ে যখন আলোচনা চলছিল, তখনই কেন্দ্র থেকে আমাদের জানানো হয়, ১০ অক্টোবর সারাদিন কর্মসূচি পালন করতে হবে। এই নির্দেশনাকে ঘিরেই ছাত্রলীগ হোক বা আওয়ামী লীগ—সবাই যার যার জায়গা থেকে মাঠে নামার চেষ্টা করেছে।”
গত কয়েক দিন ধরে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং এসব কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা নিয়ে আলোচনা চলছে। ঘরোয়া বৈঠক ও অনলাইনে যোগাযোগের পর এখন ঝটিকা মিছিলের মাধ্যমে রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করছে দলটি। আওয়ামী লীগের দাবি, এসব তৎপরতার মধ্য দিয়ে একদিকে সংগঠনকে আবার সক্রিয় করা যাবে, অন্যদিকে শেখ হাসিনার দেশে ফেরার পথও তৈরি হবে।
তবে প্রশ্ন উঠেছে, আত্মগোপনে থাকা এবং বিভিন্ন ধরনের নজরদারির মধ্যে থাকা একটি নিষিদ্ধ সংগঠন কীভাবে এসব কর্মসূচি পালন করছে? আর এসব কর্মসূচিকে ঘিরে বিশেষ করে যেসব সহিংসতার ঘটনা ঘটছে, সেগুলোর মাধ্যমে কী বার্তা দিতে চাইছে দলটি?
অনলাইন বৈঠক, গোপন যোগাযোগ ও ঝটিকা মিছিল
ছাত্রলীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা নিয়মিত ঘরোয়া বৈঠক করছেন। কখনো রেস্তোরাঁয়, আবার কখনো বাসাবাড়িতে এসব বৈঠকের আয়োজন করা হচ্ছে। বিদেশে অবস্থানরত নেতারাও নিয়মিত অনলাইনে বৈঠকে অংশ নিচ্ছেন।
সম্প্রতি শীর্ষ নেতাদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন ঢাকার বাইরের এমন একজন নেতা। পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি বলেন, শুরুতে নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ কম থাকলেও এখন তা অনেক বেড়েছে।
ওই নেতা বলেন, “আগে আমাদের মধ্যে একধরনের হতাশা ছিল। ছাত্রলীগের বড় নেতারা কেউ ছিল না। যে যার মতো পালিয়ে গিয়েছিল। আমরাও তখন আত্মগোপনে ছিলাম। কারও সঙ্গে যোগাযোগ ছিল না। এখন নেতারাও যোগাযোগ করছেন, আমরাও আবার সক্রিয় হচ্ছি।”
কেন্দ্রীয় নেতারা যোগাযোগ করে কী ধরনের নির্দেশনা দিচ্ছেন, জানতে চাইলে তিনি বলেন, “তাঁরা মিছিল করতে এবং মাঠে নামতে বলছেন। নেতাকর্মীদের উৎসাহ দিচ্ছেন, আবার সাবধানে থাকার পরামর্শও দিচ্ছেন। নতুন করে কমিটি গঠন করা হচ্ছে। নেতারা জানিয়ে দিয়েছেন, যারা সক্রিয় থাকবে, কমিটিতে তাদেরই জায়গা দেওয়া হবে।”
বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকে দেশ ছেড়ে পালিয়ে যান। তাঁদের অনেকেই এখনো দেশের বাইরে রয়েছেন। কেউ কেউ দেশে আত্মগোপনে আছেন, আবার অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মীদের ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হয়। তাঁদের কেউ দেশ ছেড়েছেন, কেউ আবার আত্মগোপনে চলে যান।
তবে এখন ধীরে ধীরে তাঁদের অনেকেই আবার সামনে আসতে শুরু করেছেন। বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলও করছেন।
কিন্তু তৃণমূল পর্যায়ে এসব মিছিল কীভাবে আয়োজন করা হচ্ছে?
এ বিষয়ে মুন্সীগঞ্জের শ্রীপুর উপজেলার ভাগ্যকূল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুল বলেন, এলাকায় এখন নেতৃত্বের সংকট রয়েছে। তবে দলের কর্মী ও সমর্থকেরা এখনো এলাকায় অবস্থান করছেন।
তিনি বলেন, “জেলা বা উপজেলা পর্যায়ের নেতারা তো এখন নেই। এটা সত্য। তাঁদের সঙ্গে আমাদের যোগাযোগও নেই। তবে আমরা যারা ইউনিয়ন পর্যায়ে নেতা আছি, আমাদের মাধ্যমেই যোগাযোগ হচ্ছে। ১০ দিন আগে আমরা মোবাইল ফোনে যোগাযোগ করে একটি মিছিল করেছি।”
নজরদারির মধ্যে থেকেও কীভাবে মিছিলের আয়োজন করা হয়, জানতে চাইলে মনির হোসেন মিটুল বলেন, “মোবাইল ফোনে আগেই জানিয়ে দেওয়া হয়, কোথায় এবং কখন সবাইকে আসতে হবে। রাস্তায় নামার আগে সামনে ও পেছনে কিছুটা দূরত্বে দুটি দল রাখা হয়। তারা নিরাপত্তার দায়িত্বে থাকে। মাঝখানে আমরা মিছিল করি। আমাদের লক্ষ্য থাকে, মিছিলটি যেন নিরাপদে শেষ করা যায় এবং অংশ নেওয়া সবাই যেন নিরাপদে সেখান থেকে বের হয়ে আসতে পারে। এটাই আমাদের কৌশল।”
অন্যদিকে, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উপ আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ নাঈম বলেন, সংগঠনের নেতাকর্মীদের যে এলাকায় অবস্থান, সেখান থেকেই কার্যক্রম চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, “মিছিল আয়োজনের ক্ষেত্রে আমরা সবাইকে জানাই। তবে সবার আগে গুরুত্ব দিই নিরাপত্তার বিষয়টিকে। আমরা প্রথমেই সবাইকে গোপনীয়তা বজায় রাখতে বলি। বিষয়গুলো যেন কোনোভাবেই বেশি মানুষের কাছে ছড়িয়ে না পড়ে, গোয়েন্দা সংস্থা, সরকারি দল কিংবা অন্য কোনো দলের সদস্যদের কাছে যেন এসব তথ্য না যায়, সেদিকে খেয়াল রাখা হয়।”
ছাত্রলীগের এই নেতার দাবি, দলের পক্ষ থেকে এখন প্রকাশ্য কর্মসূচি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
কিন্তু এসব কর্মসূচির মাধ্যমে কী অর্জন করতে চাইছে ছাত্রলীগ?
জবাবে শেখ মোহাম্মদ নাঈম বলেন, “এর মাধ্যমে আমাদের নেতাকর্মীরা আবার সাংগঠনিকভাবে একত্র হচ্ছেন। যারা যোগাযোগের বাইরে চলে গিয়েছিলেন, যাঁদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, তাঁরাও আবার এক জায়গায় আসছেন। এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য আপার (শেখ হাসিনা) প্রত্যাবর্তন। তাঁকে ফিরিয়ে আনার লক্ষ্য সামনে রেখে মাঠের পরিবেশ গরম রাখা কিংবা রাজপথে নিজেদের উপস্থিতি ধরে রাখতেই আমরা এসব কর্মসূচি পালন করছি।”
সহিংসতার মাধ্যমে কী বার্তা দিতে চাইছে আওয়ামী লীগ?
নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মনে করছেন, ঝটিকা মিছিল, ঘরোয়া বৈঠক এবং বিরতি দিয়ে নিয়মিত কর্মসূচি পালনের মাধ্যমে সংগঠনটি আবার চাঙা হচ্ছে। তাঁদের দাবি, এসব তৎপরতা শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতেও সহায়তা করবে।
তবে এসব কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটছে। এসব ঘটনায় একজনের মৃত্যুও হয়েছে।
ঝটিকা মিছিলের কয়েকটি ভিডিওতে দেখা গেছে, মিছিলের ভেতর থেকেই ককটেল ছোড়া হচ্ছে।
সম্প্রতি এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, গত ৫ নভেম্বর ঢাকার আর্মি গলফ ক্লাবের সামনে একদল মোটরসাইকেল আরোহী আওয়ামী লীগের স্লোগান দিচ্ছেন। তাঁদেরই একজনের ধারণ করা ভিডিওতে মিছিল থেকে একজনকে ককটেল ছুড়তে দেখা যায়।
এ ছাড়া গত মঙ্গলবার গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাদের সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নিতে দেখা গেছে।
একই দিনে শ্রীমঙ্গলে এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির নেতা হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। পরে ওই হামলার একাধিক ভিডিও আওয়ামী লীগ-সমর্থিত বিভিন্ন ব্যক্তি ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
এসব সহিংসতার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে ক্ষমতাসীন বিএনপি। তবে আওয়ামী লীগের নেতারা এই অভিযোগ অস্বীকার করছেন।
অন্যদিকে, বিএনপির পাশাপাশি জামায়াত ও এনসিপির মতো রাজনৈতিক দলগুলোর নেতাদের মূল্যায়ন হচ্ছে, বিভিন্ন কর্মসূচি ও সহিংসতার মাধ্যমে আওয়ামী লীগ মূলত দেশে একটি ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে।
৫ আগস্টের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বেশির ভাগই আত্মগোপনে বা দেশের বাইরে চলে গেলেও তাঁদের অনেকে বিদেশে অবস্থান করেই দলীয় কার্যক্রমে যুক্ত রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বাংলাদেশের আদালত মৃত্যুদণ্ডের রায়ও দিয়েছেন।
আওয়ামী লীগের এমনই একজন নেতা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁদের কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা কেন ঘটছে?
জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ সহিংসতার রাজনীতি করে না, বরং শান্তিতে বিশ্বাস করে।
বাহাউদ্দিন নাছিম বলেন, “আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র, ধ্বংস কিংবা সন্ত্রাসের রাজনীতিকে প্রশ্রয় দেয় না। এসব আমাদের কাজ নয়।”
তবে স্বল্প সময়ের ঝটিকা মিছিল কিংবা এ ধরনের কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ আসলে কী অর্জন করতে চাইছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে সরকারের ওপর কতটা চাপ তৈরি করা সম্ভব হচ্ছে, সেটিও আলোচনার বিষয়।
বাহাউদ্দিন নাছিমের দাবি, সরকারের বাধা সত্ত্বেও আওয়ামী লীগের মিছিলের সংখ্যা ও অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে।
তিনি বলেন, “আমাদের মিছিল করতে দেওয়া হয় না। তারপরও দেখবেন, মিছিলের সংখ্যা বাড়ছে, অংশগ্রহণও বাড়ছে। শত শত মিছিল হচ্ছে। এসব মিছিলে সাধারণ মানুষের অংশগ্রহণ রয়েছে। ফলে বাংলাদেশের মানুষ ইতোমধ্যে সরকারের ওপর চাপ তৈরি করে ফেলেছে। আওয়ামী লীগও এরই মধ্যে প্রচণ্ড চাপ সৃষ্টি করতে পেরেছে।”
আওয়ামী লীগের নেতারা নিজেদের অবস্থান তুলে ধরলেও বাস্তবতা হচ্ছে, দলটির কার্যক্রম নিষিদ্ধ। এমন পরিস্থিতিতে ঝটিকা মিছিলের মাধ্যমে কীভাবে শেখ হাসিনার দেশে ফেরার অনুকূল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে, তা এখনো স্পষ্ট নয়।
এর আগে আওয়ামী লীগ সরকারের শাসনামলে দীর্ঘ সময় ধরে জামায়াতে ইসলামীও ঝটিকা মিছিলের মাধ্যমে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে। তবে এসব মিছিলের মাধ্যমে তৎকালীন সরকারকে নিজেদের দাবি মানতে বাধ্য করতে পারেনি দলটি।
আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে?
রাজনীতি বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা আওয়ামী লীগের জন্য সুবিধা তৈরি করতে পারে।
তিনি বলেন, “আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্তিশালী ছিল। এর বিভিন্ন ধরনের ব্যাখ্যা থাকতে পারে। তবে মূল কথা হলো, তাদের শক্তি ও মনোবল ছিল।”
তিনি আরও বলেন, “এখন সরকারের বড় দুর্বলতার জায়গা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর দুর্বলতা। এ কারণেই আওয়ামী লীগ সেই সুযোগ পাচ্ছে। পুলিশের দুর্বলতা যত বেশি প্রকাশ পাবে, তারা তত বেশি ঝটিকা মিছিল করার সুযোগ পাবে।”
তবে এসব সহিংসতার রাজনৈতিক প্রভাব কী হতে পারে, জানতে চাইলে অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, এর সব প্রভাব আওয়ামী লীগের বিপক্ষে যাবে, এমন নয়। কিছু ক্ষেত্রে দলটি এর মাধ্যমে সুবিধাও পেতে পারে।
তিনি বলেন, “এতে আওয়ামী লীগের খুব বেশি ক্ষতি হবে, এমনটা নয়। বরং কিছু ক্ষেত্রে তাদের পক্ষেও যেতে পারে। কারণ, যখন মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হতে শুরু করবে, তখন এর দায় সরকারের ওপরও পড়তে পারে। ফলে এখানে লাভ-ক্ষতির হিসাব একমুখী নয়, বিভিন্ন দিক রয়েছে।”
কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে সরকার
এ পরিস্থিতিতে সরকারের ভূমিকা কী হবে, তা নিয়েও আলোচনা রয়েছে।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতার অভিযোগ মানতে রাজি নয়। একই সঙ্গে সরকার বলছে, যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নাশকতা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “দুই-একটি বিচ্ছিন্ন ঘটনাকে একসঙ্গে বিবেচনা করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ বলে প্রচার করা যুক্তিসংগত নয় বলে আমি মনে করি। দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, দেশের ভেতরে, সীমান্তের বাইরে কিংবা একাধিক পক্ষের সম্মিলিতভাবে—যেকোনো জায়গা থেকে ষড়যন্ত্রের চেষ্টা করা হোক না কেন, তার কোনো পরিকল্পনাই এ দেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না।”
একদিকে সরকার বলছে, তারা যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করবে। অন্যদিকে আওয়ামী লীগ বলছে, তারা রাজপথে সক্রিয় থাকবে।
তবে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকার পাশাপাশি বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও সহিংসতার ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। এসব ঘটনার মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি।
সূত্র: বিবিসি