
আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে সারা দেশে একযোগে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচি সফল করতে দলটির সব জেলা ও মহানগর শাখাকে জরুরি নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।
সোমবার (২২ জুন) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী ফ্যাসিবাদের অধীনে সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে দেশব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে দলটি। এ লক্ষ্যে সংগঠনের সব জেলা ও মহানগর ইউনিটকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় দেশের সব জেলা শহর ও মহানগরে একযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এনসিপি জানিয়েছে, ঘোষিত কর্মসূচির মাধ্যমে তারা অতীতের বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার দাবি এবং জনমত গঠনের উদ্যোগ গ্রহণ করছে। কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।