
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দলটির গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি সরকারের কাছে ওই কর্মকর্তাকে পুনর্বহালের দাবি জানিয়েছেন।
রোববার (২১ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে বক্তব্য দেন আবু হানিফ।
পোস্টে তিনি উল্লেখ করেন, সিলেটের ডিসি সারওয়ার আলমকে সম্প্রতি প্রত্যাহার করা হয়েছে। তার দাবি, মাত্র তিন দিন আগে সারওয়ার আলম মাজারের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছিলেন। এর আগে সিলেট অঞ্চলে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।
আবু হানিফ আরও লেখেন, পেশাদার দায়িত্ব পালনের কারণে অতীতেও সারওয়ার আলমকে মূল্য দিতে হয়েছে। তার ভাষায়, একজন সৎ ও দেশপ্রেমিক কর্মকর্তা বারবার অসাধু চক্রের বিরোধিতার মুখে পড়েছেন।
প্রশাসনে বদলি বা প্রত্যাহার একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও সারওয়ার আলমের ক্ষেত্রে বিষয়টি স্বাভাবিক বলে মনে করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, মাজার-সংক্রান্ত অব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দেওয়ার তিন দিনের মধ্যেই তাকে সরিয়ে দেওয়ার ঘটনায় নানা প্রশ্নের জন্ম হয়েছে।
ফেসবুক পোস্টে আবু হানিফ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সারওয়ার আলমকে পুনর্বহাল করা উচিত। অন্যথায় জনগণের মধ্যে এ ধারণা তৈরি হতে পারে যে সরকারও কোনো প্রভাবশালী সিন্ডিকেটের চাপে রয়েছে।