
অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জমে ওঠা সমর্থকদের উচ্ছ্বাস দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসো। শিক্ষার্থীদের ভিড় ও আর্জেন্টিনা-সমর্থকদের আবহের মধ্যে দাঁড়িয়ে তিনি বলেন, ‘মনে হচ্ছে, আমি নিজের দেশের মতো অনুভব করছি। মনে হচ্ছে, আমি আর্জেন্টিনায় আছি।’
সোমবার (২২ জুন) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠে আর্জেন্টিনার খেলা উপলক্ষে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ম্যাচ শুরুর আগেই মাঠে জড়ো হন বিপুলসংখ্যক শিক্ষার্থী ও ফুটবলপ্রেমী দর্শক।
বাংলাদেশের মানুষের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এখানকার পরিবেশ তাকে আর্জেন্টিনার কথাই মনে করিয়ে দিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত আর্জেন্টিনার জনপ্রিয় ইনফ্লুয়েন্সার রুলিও বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ, তোমাকে ভালোবাসি।’
রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ শুরুর কথা থাকলেও ঢাবি ক্যাম্পাসে সমর্থকদের উপস্থিতি দেখা যায় রাত ৯টা থেকেই। খেলা ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি করতে মুহসীন হল ছাত্রদলের উদ্যোগে সাংস্কৃতিক আয়োজনও করা হয়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও অংশ নেন আর্জেন্টিনার ভ্রমণ লেখক, কনটেন্ট নির্মাতা ও সাংস্কৃতিক দূত ড্যান লান্দে, সৃজনশীল পেশাজীবী ম্যানুয়েল হাভিয়ের এসকেরা রামোন, মার্তিন দে এসকালাদা, মার্তিনা জয়ে গন্ডেল এবং সান্তিয়াগো কন্দে।