
গণহত্যার বিচার প্রক্রিয়ায় ধীরগতি, দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। এ দাবিতে মঙ্গলবার (২৩ জুন) ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে জোটটি।
সোমবার (২২ জুন) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নেবেন।
একই দাবিতে আগামী ৪ জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল আয়োজনেরও ঘোষণা দিয়েছে জোটটি।
সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ বলেন, প্রতিবেশী দেশের সীমান্ত এলাকায় অস্ত্র মজুদের খবর পাওয়া গেলেও সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। বিষয়টি নিয়ে ১১ দলীয় জোট গভীর উদ্বেগ প্রকাশ করছে।
তিনি আরও অভিযোগ করেন, সীমান্ত হত্যা ও পুশ-ইন ইস্যুতেও সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।
২৩ জুনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দল কর্মসূচি পালনের চেষ্টা করলে তা প্রতিরোধের দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেন তিনি। এ দায়িত্ব কোনো রাজনৈতিক দলের ওপর বর্তায় না বলেও উল্লেখ করেন।
এ সময় হামিদুর রহমান আযাদ দাবি করেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের তুলনায় আরও বেশি নাজুক অবস্থায় পৌঁছেছে।