
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার একদিনের মাথায় দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার।
শনিবার রাতে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক কমিটি চূড়ান্ত করা হয়েছে এবং শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
নতুন কমিটিতে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে এসএম শাহরিয়ারকে, যিনি আগের কমিটিতেও একই দায়িত্বে ছিলেন।
প্রসঙ্গত, শুক্রবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মী-সমর্থকদের নিয়ে এনসিপিতে যোগ দেন ইসহাক সরকার। তিনি একসময় বিএনপির যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং পরে দল থেকে বহিষ্কৃত হন।
এছাড়া একই অনুষ্ঠানে শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনিসহ কয়েকজন নতুন নেতা এনসিপিতে যোগ দেন।