
দেশের চলমান রাজনৈতিক উত্তাপের মধ্যেই জামায়াতে ইসলামীর নেতৃত্বকে লক্ষ্য করে কঠোর সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, জামায়াত আমির ও তার দল সুস্থ রাজনৈতিক চিন্তাধারা থেকে বিচ্যুত।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন মহান মে দিবস সফল করতে এই সভার আয়োজন করা হয়, যেখানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।
জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে বিএনপি সরকার গঠন করেছে। নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এসেছে–এমন বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। এর মাধ্যমে আবারও দেশে বিভেদ ও ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। তারা আসলে ভিন্নভাবে দেশে স্বৈরশাসন ফিরিয়ে আনার পাঁয়তারা করছে কি না, তা নিয়ে ভাবার সময় এসেছে। জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না।’
ছাত্র রাজনীতিতে অস্থিরতা তৈরির পেছনে একটি বিশেষ গোষ্ঠী সক্রিয় বলে মন্তব্য করে তিনি বলেন, সরকার বিশ্বাস করে শিক্ষার্থীরা অপরাজনীতি পরিহার করবে।
এ সময় দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, কোনো অপশক্তি যেন দেশের স্থিতিশীলতা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘এই ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূল করতে হবে। দেশের মানুষই তাদের প্রতিহত করবে।’