
বাংলাদেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষুবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক এবং প্রতিষ্ঠানের সাবেক ডেপুটি সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতির দায়িত্বও পালন করেন।
মরহুমের প্রথম জানাজা শনিবার বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। পরে রোববার (২৬ এপ্রিল) বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এ জেড এম জাহিদ হোসেন এবং এফ এম সিদ্দিকী। শোকবার্তায় নেতারা তার কর্মময় জীবনের অবদান স্মরণ করে বলেন, দেশের চিকিৎসা ও সামাজিক ক্ষেত্রে তার অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।