
দাপ্তরিক নথিপত্রে রোহিঙ্গার সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক এই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অর্থনীতির ওপর বড় চাপ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাক্ষাৎকালে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গা শিবিরগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ের সব প্রচেষ্টার প্রধান লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা। এ ছাড়া আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের মানবিক আশ্রয় ও সেবা দেওয়ায় বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন। রোহিঙ্গাদের ওপর অতীতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে তিনি জানান, জাতিসংঘ ও এর আন্তর্জাতিক সহযোগীরা প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশে নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে।
বৈঠকে রোহিঙ্গা শিবিরের আশপাশের এলাকায় মাদক ও অস্ত্র পাচার এবং সাইবার অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানোর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়। এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়টি উঠে আসে।
এ ছাড়া চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে মিয়ানমার সরকারের ওপর কূটনৈতিক চাপ তৈরির তাগিদ দেওয়া হয়।
সাক্ষাৎকালে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী টমাস হুনেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।