
সরকার প্রণীত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ সংশোধনের দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ। বিদ্যমান ই-রিকশার কাঠামো পরিবর্তনের জন্য দুই বছর সময় দেওয়া, চালকদের লাইসেন্সের ব্যবস্থা করা, নিবন্ধন ফি কমানো এবং বিধিমালায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) যুক্ত করাসহ মোট নয়টি প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি তুলে ধরা হয়। সমাবেশ শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কথা জানিয়েছে সংগঠনটির ঢাকা মহানগর শাখা।
সমাবেশে সংগঠনটির ঢাকা মহানগর শাখার সহসভাপতি জালাল আহমেদ বলেন, দেশের প্রায় সব জেলা, উপজেলা ও ইউনিয়নে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের ব্যাটারিচালিত যানবাহন চলাচল করছে। এসব যানবাহন একদিকে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে, অন্যদিকে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী যাতায়াতের মাধ্যম হয়ে উঠেছে। কিন্তু গত ১৩ বছর ধরে এসব যানবাহনকে অবৈধ আখ্যা দিয়ে উচ্ছেদ, ডাম্পিং, গ্যারেজ বন্ধ, গ্রেপ্তার ও হয়রানি করা হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় ২০২২ সালের ৪ ও ২৫ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ব্যাটারিচালিত যানবাহনের বৈধতার পক্ষে রায় দেন। এরই ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর সরকার ই-রিকশা চলাচল বিধিমালা, ২০২৬ জারি করে। বিধিমালা প্রণয়নের উদ্যোগকে স্বাগত জানালেও এতে বেশ কিছু অস্পষ্টতা ও নেতিবাচক দিক রয়েছে।
সংগ্রাম পরিষদের নয় দফা প্রস্তাব
১. বর্তমানে চলাচলরত ই-রিকশার কাঠামো বুয়েট স্বীকৃত আদর্শ কাঠামোয় পরিবর্তনের জন্য কমপক্ষে দুই বছর সময় দিতে হবে। কোনোভাবেই এই বিধিমালাকে ই-রিকশা উচ্ছেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না।
২. নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স এবং নিবন্ধনের আওতায় আনতে হবে।
৩. চালকদের লাইসেন্স দেওয়ার বৈধ প্রক্রিয়া বিধিমালায় অন্তর্ভুক্ত করতে হবে। এ ক্ষেত্রে বিআরটিএকে যুক্ত করার পাশাপাশি লার্নার ও লাইসেন্সের ফরমও সংযোজন করতে হবে।
৪. নিবন্ধন ফি কমাতে হবে। দুই আসনের ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা নির্ধারণ করতে হবে। অন্যদিকে, চার আসনের ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ১০ হাজার এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা করতে হবে।
৫. ই-রিকশার সংখ্যা নির্ধারণের আগে চালকসহ এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিতে হবে।
৬. মহাসড়কের পাশে ই-রিকশা চলাচলের জন্য সাইডলেন তৈরি করতে হবে। পাশাপাশি কোন কোন সড়কে এসব যানবাহন চলতে পারবে, তা সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করতে হবে।
৭. চার্জিং স্টেশনে সৌরবিদ্যুৎ ব্যবহার বাধ্যতামূলক করা যাবে না। বিমার শর্তও বাধ্যতামূলক ও ব্যয়বহুল করা যাবে না। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চার্জিং স্টেশন স্থাপন করতে হবে।
৮. লাইসেন্স, ফিটনেস ও উৎপাদন অনুমোদনের ক্ষেত্রে বিআরটিএকে যুক্ত করতে হবে। পাশাপাশি স্থানীয় উৎপাদকদের অনুমোদিত নকশা অনুসরণ করে ই-রিকশা তৈরির সুযোগ দিতে হবে, যাতে এ খাতে কোনো সিন্ডিকেট বা একচেটিয়া ব্যবসা গড়ে উঠতে না পারে।
৯. সিটি করপোরেশনের বাইরের পৌরসভা ও উপজেলা এলাকায় এই বিধিমালা কীভাবে কার্যকর হবে, তা স্পষ্ট করতে হবে।
এ বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ও সহযোগিতা করতেও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।