
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণের পরিবর্তে জলবায়ু তহবিল থেকে অনুদান চায় বাংলাদেশ। কপ-৩১ সম্মেলনের উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ দাবি তুলে ধরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।
শামা ওবায়েদ বলেন, গ্রিন ইকোনমি ও গ্রিন এনার্জি বাস্তবায়নে বাংলাদেশ ইতিমধ্যে যেসব কর্মসূচি হাতে নিয়েছে, সেগুলো সম্মেলনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী। এসব কর্মসূচির মধ্যে রয়েছে সৌরবিদ্যুৎ উৎপাদন ও নদী খনন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো যেসব ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেসব বিষয়েও আলোচনা করবেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে যে ক্ষয়ক্ষতি হচ্ছে এবং এর প্রভাব মোকাবিলায় সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, সেগুলোও প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানাবেন তিনি।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের মতো দেশগুলোর জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব দীর্ঘদিনের সমস্যা। এ কারণে এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর স্বার্থে কার্যকর সিদ্ধান্ত আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, জলবায়ু তহবিলের অর্থায়ন নিয়ে একটি সমাধান চায় বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সমস্যাগুলো কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়েও সম্মেলনে আলোচনা হবে বলে তাঁরা আশা করছেন।
এদিকে বুধবার চীনের উপ-রাষ্ট্রপতি ও উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।