
বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সংস্থাটি মনে করে, যেকোনো দেশের সব রাজনৈতিক দল ও নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার পূর্ণ স্বাধীনতা থাকা উচিত।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এসব কথা বলেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, আন্তর্জাতিক গণমাধ্যম এবং জাতিসংঘের তথ্যসন্ধানী মিশনের প্রতিবেদনে উঠে এসেছে, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। বর্তমান পরিস্থিতিতে তাঁর সমর্থকেরা দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?
জবাবে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, এ বিষয়ে নতুন করে বলার মতো তাঁর কিছু নেই। তবে জাতিসংঘ বাংলাদেশে সংঘটিত সব অপরাধের যথাযথ জবাবদিহি দেখতে চায়। এর মধ্যে সংস্থাটির তথ্যসন্ধানী মিশনের চিহ্নিত ও নথিবদ্ধ অপরাধগুলোও রয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে জাতিসংঘ মনে করে, সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তির পূর্ণ স্বাধীনতা থাকা উচিত।
জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে আগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। এ ছাড়া ওই সহিংসতায় কয়েক হাজার মানুষ আহত হন।