
দেশজুড়ে ব্যাপক সাড়া জাগানো অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত কোরবানি হচ্ছে না। ব্যতিক্রমী ও বিরল এই মহিষটিকে সাধারণ মানুষের প্রদর্শনীর জন্য মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হচ্ছে।
বুধবার (২৭ মে) জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জানান, নারায়াণগঞ্জের আলোচিত এই মহিষটিকে আজ রাতেই চিড়িয়াখানায় নিয়ে আসার কথা রয়েছে। তিনি বলেন, “আমরা মহিষটিকে রাখার জন্য ইতিমধ্যে একটি বিশেষ শেড প্রস্তুত করেছি। চিড়িয়াখানায় আনার পর এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।”
খামার সূত্রে জানা গেছে, এর আগে কেরানীগঞ্জের এক ক্রেতা কোরবানি দেওয়ার উদ্দেশ্যে মহিষটি কিনেছিলেন। তবে ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে সাধারণ মানুষের মধ্যে অতিরিক্ত কৌতুহল, জনসমাগম এবং সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়। সার্বিক নিরাপত্তা ও জনস্বার্থ বিবেচনা করে ক্রেতাকে টাকা ফেরত দিয়ে কোরবানি না দেওয়ার এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
আপাতত সিদ্ধান্ত অনুযায়ী, চিড়িয়াখানায় হস্তান্তরের আগ পর্যন্ত মহিষটিকে আগের মতোই খামারে রেখে লালন-পালন করা হচ্ছে। বিরল জাতের এই প্রাণীটিকে কোরবানির হাত থেকে রক্ষা করে জাতীয় চিড়িয়াখানায় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পশুপ্রেমী ও সাধারণ দর্শনার্থীরা।
