
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বুধবার (২৭ মে) সকালে ঘটনাটি জানাজানি হলে হাসপাতালে ভিড় করেন স্বজনরা। তবে ঠিক কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পরপরই হাসপাতালটিতে যায় পুলিশ। থানা পুলিশের পাশাপাশি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তথ্য সংগ্রহ ও প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, হাসপাতালটিতে ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে কী কারণে এই মৃত্যু হয়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষও ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে। আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল বলেন, রাতে ঘটনাটি ঘটেছে বলে তিনি জেনেছেন। হাসপাতালে পৌঁছানোর পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।
একসঙ্গে কয়েকটি শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতালজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠার পরিবেশ তৈরি হয়েছে। এদিকে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি জানিয়েছেন স্বজনরা।